বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: অক্টোবর ১, ২০২৬, ১:১৪ পূর্বাহ্ণ প্রকাশ: সেপ্টেম্বর ৩০, ২০২৬, ১১:৪৬ অপরাহ্ণ

জার্মানিতে ৬ লাখ ৫০ হাজার চাকরির সুযোগ, দক্ষ কর্মীদের জন্য নতুন সম্ভাবনা

জার্মানিতে ৬ লাখ ৫০ হাজার চাকরির সুযোগ, দক্ষ কর্মীদের জন্য নতুন সম্ভাবনা

দক্ষ পেশাজীবীদের জন্য বড় ধরনের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে জার্মানিতে। দেশটিতে বর্তমানে প্রায় ৬ লাখ ৫০ হাজার পদ খালি রয়েছে। ফলে জার্মানিতে চাকরি ও স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনা করা দক্ষ কর্মীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

সম্প্রতি দুবাইয়ের দুসিত থানি হোটেলে অনুষ্ঠিত ‘গালফ নিউজ লেভেলআপ’ সম্মেলনের এক ফায়ারসাইড চ্যাটে এ তথ্য জানান ওয়াই-অ্যাকসিসের ডিরেক্টর ক্লিন্ট খান।

ক্লিন্ট খান বলেন, পুরো ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) বর্তমানে প্রায় ৩০ লাখ শূন্য পদ রয়েছে। এর মধ্যে জার্মানিতেই রয়েছে প্রায় ৬ লাখ ৫০ হাজার পদ, যা ইইউর মোট শূন্য পদের প্রায় ২৫ শতাংশ।

জার্মানিতে কাজের অন্যতম সুযোগ হলো ‘অপরচুনিটি কার্ড’। এটি চাকরি খোঁজার জন্য একটি রেসিডেন্স পারমিট। এর মাধ্যমে ইইউ-বহির্ভূত দেশের নাগরিকরা আগে থেকে চাকরির চুক্তি ছাড়াই যোগ্যতার ভিত্তিতে কাজের সন্ধানে সর্বোচ্চ ১২ মাস জার্মানিতে অবস্থান করতে পারেন।

অপরচুনিটি কার্ড নিয়ে জার্মানিতে গিয়ে চাকরি খোঁজার পাশাপাশি শুরুতে খণ্ডকালীন কাজও করা যায়। পরে পূর্ণকালীন চাকরি পেলে এবং নিয়োগকর্তা স্পন্সর করতে রাজি হলে নির্দিষ্ট ওয়ার্ক পারমিটে পরিবর্তনের সুযোগ রয়েছে।

পয়েন্টভিত্তিক ব্যবস্থায় আবেদনকারীর স্বীকৃত একাডেমিক বা ভোকেশনাল ডিগ্রি, নিজের খরচ চালানোর মতো পর্যাপ্ত অর্থ এবং নির্ধারিত পয়েন্ট থাকতে হয়। পেশাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা, বয়স ও ভাষা দক্ষতার ভিত্তিতে এসব পয়েন্ট নির্ধারণ করা হয়।

এ ছাড়া উপযুক্ত চাকরির অফার পাওয়া উচ্চশিক্ষিত কর্মীদের জন্য রয়েছে ‘ইইউ ব্লু কার্ড’। নির্ধারিত বেতনের শর্ত পূরণকারী যোগ্য কর্মীরা এ কার্ডের মাধ্যমে জার্মানিতে কাজ করার পাশাপাশি স্থায়ী বসবাসের পথও সহজ করতে পারেন।

বিদ্যমান নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট শর্ত পূরণ করলে ব্লু কার্ডধারীরা ২৭ মাস পর স্থায়ী বসবাসের অনুমতির জন্য যোগ্য হতে পারেন। জার্মান ভাষায় বি-ওয়ান (B1) পর্যায়ের দক্ষতা থাকলে এই সময় কমে ২১ মাস হতে পারে।