দেশের কোথাও কৃত্রিম সংকট তৈরি করে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি করা হচ্ছে কিনা, তা খতিয়ে দেখতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে জেলা প্রশাসকদের সঙ্গে অনুষ্ঠিত এক অনলাইন বৈঠকে তিনি এ নির্দেশ দেন।
বৈঠকে মন্ত্রী বলেন, দেশে এলপিজির সরবরাহে কোনো ঘাটতি নেই। এরপরও কোনো কোনো এলাকায় সংকটের কথা শোনা যাচ্ছে এবং অতিরিক্ত দামে এলপিজি বিক্রির অভিযোগ পাওয়া যাচ্ছে। কোথাও কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে কিনা, তা যাচাই করে তথ্য ও প্রমাণসহ প্রতিবেদন দিতে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, জেলা প্রশাসকদের কাছ থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করে আমদানিকারক ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বৈঠক করা হবে। যেসব এলাকায় এলপিজির সরবরাহ কম রয়েছে, সেসব এলাকায় সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
ইকবাল হাসান মাহমুদ সতর্ক করে বলেন, কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এলপিজির সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসকদের আরও সতর্ক ও সজাগ থাকার নির্দেশ দেন তিনি।

