বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: সেপ্টেম্বর ৩০, ২০২৬, ১:০০ অপরাহ্ণ প্রকাশ: সেপ্টেম্বর ৩০, ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ণ

মেসির বিদায় পর্যন্ত ১০ নম্বর জার্সি কাউকে দেবেন না স্কালোনি

মেসির বিদায় পর্যন্ত ১০ নম্বর জার্সি কাউকে দেবেন না স্কালোনি
লিওনেল মেসি। ফাইল ছবি

লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের পর আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সি নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত নিতে চান না কোচ লিওনেল স্কালোনি। মেসির সম্ভাব্য শেষ আন্তর্জাতিক ম্যাচ পর্যন্ত জার্সিটি অন্য কোনো খেলোয়াড়কে দেওয়া হবে না বলে জানিয়েছেন বিশ্বকাপজয়ী এই কোচ।

আগামী ৭ অক্টোবর বুয়েনস আয়ার্সে বেনিনের বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে মেসির। ম্যাচটি জাতীয় দলের হয়ে তার শেষ ম্যাচ হতে পারে। এর আগে বৃহস্পতিবার কর্দোবার কেম্পেস স্টেডিয়ামে বলিভিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এরপর বুরকিনা ফাসোর বিপক্ষেও একটি ম্যাচ রয়েছে তাদের।

বলিভিয়া ম্যাচের আগে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, আসন্ন ম্যাচগুলো দলের নতুন সমন্বয় ও খেলোয়াড়দের পরীক্ষা করার সুযোগ। মেসি না থাকলেও বল দখলে রেখে আক্রমণাত্মক ফুটবল খেলার আর্জেন্টিনার মূল দর্শনে পরিবর্তন আসবে না।

মেসির অনুপস্থিতিতে আক্রমণভাগে হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজকে একসঙ্গে খেলানোর পরিকল্পনা করছেন স্কালোনি। এর আগে নিয়মিত একাদশে এই দুই স্ট্রাইকারকে একসঙ্গে খেলাতে খুব একটা আগ্রহী ছিলেন না তিনি।

বলিভিয়ার বিপক্ষে সম্ভাব্য একাদশ অবশ্য এখনো নিশ্চিত করেননি আর্জেন্টাইন কোচ। তবে বিশ্বকাপের ফাইনালে খেলা দলের অধিকাংশ ফুটবলারই ম্যাচটিতে মাঠে নামতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

মেসির ১০ নম্বর জার্সি প্রসঙ্গে স্কালোনি বলেন, মেসির বিদায়ী ম্যাচ পর্যন্ত জার্সিটি অন্য কাউকে দেওয়ার প্রয়োজন নেই। তবে পরবর্তী সময়ে আর্জেন্টিনার অন্য কোনো ফুটবলার এই ঐতিহ্যবাহী জার্সি পরবেন বলেও নিশ্চিত করেছেন তিনি।

২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা জেতানোর সময়ও ১০ নম্বর জার্সিই পরেছিলেন মেসি। জাতীয় দলের দীর্ঘ ক্যারিয়ারে এই জার্সি তার পরিচয়ের অন্যতম প্রতীক হয়ে উঠেছে।

এদিকে নিজের ভবিষ্যৎ নিয়েও কথা বলেছেন স্কালোনি। ডিসেম্বরে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে নতুন চুক্তি নিয়ে আলোচনা চলছে। জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব চালিয়ে যাওয়ার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি।

স্কালোনির মতে, মেসির পরও আর্জেন্টিনা আন্তর্জাতিক ফুটবলে প্রতিদ্বন্দ্বিতা ধরে রাখতে পারবে। জাতীয় দলে নতুন প্রতিভার আগমন এবং খেলোয়াড়দের আগ্রহ দলটির ভবিষ্যৎ নিয়ে ইতিবাচক বার্তা দিচ্ছে বলেও মনে করেন তিনি।