শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয় উল্লেখ করে এর বিক্রিতে বাধা দেওয়া, প্রকাশনা সংস্থা ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) কার্যালয়ে তালা দেওয়া এবং দুই কর্মীকে তুলে নেওয়ার অভিযোগের তীব্র নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
এসব ঘটনাকে বেআইনি ও অপরাধমূলক কর্মকাণ্ড উল্লেখ করে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন আসিফ নজরুল।
পোস্টে তিনি লেখেন, ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রয়ে বাধা দেওয়ার ঘটনায় তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন। তার ভাষ্য, বইটি কোনো নিষিদ্ধ বই নয়।
আসিফ নজরুল বলেন, বইটির বিক্রি বন্ধ করা, ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা ঝুলিয়ে দেওয়া এবং সেখানকার দুজন কর্মীকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা সুস্পষ্ট বেআইনি ও অপরাধমূলক কাজ। এ ঘটনায় সরকারের অবিলম্বে উপযুক্ত আইনি পদক্ষেপ নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
বিগত সরকারের প্রসঙ্গ টেনে সাবেক এই উপদেষ্টা বলেন, শেখ হাসিনার শাসনামলে বই বিক্রিতে বাধা দেওয়া এবং বই নিষিদ্ধ করার মতো বিভিন্ন ঘটনা ঘটেছে। সেসব ঘটনার বিরুদ্ধে সে সময় প্রতিবাদ জানানো হয়েছিল।
তার দাবি, বর্তমানে একই ধরনের কর্মকাণ্ডের পুনরাবৃত্তি হলে তা মুক্তচিন্তার মানুষের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করে।

