বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: সেপ্টেম্বর ২৯, ২০২৬, ১০:৪১ অপরাহ্ণ প্রকাশ: সেপ্টেম্বর ২৯, ২০২৬, ৯:৩৫ অপরাহ্ণ

সদরঘাটে অতিরিক্ত ভাড়া আদায় করলে কঠোর ব্যবস্থা: নৌ প্রতিমন্ত্রী

সদরঘাটে অতিরিক্ত ভাড়া আদায় করলে কঠোর ব্যবস্থা: নৌ প্রতিমন্ত্রী
রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল আকস্মিক পরিদর্শনে যান নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। ছবি: সংগৃহীত

নৌপথে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এ নির্দেশনা দেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘যাত্রীদের কাছ থেকে কোনোভাবেই নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে।’

সদরঘাটসহ সব যাত্রীবাহী নৌযানে নির্ধারিত ভাড়ার ডিজিটাল তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শনের নির্দেশ দেন তিনি। এতে যাত্রীরা সহজেই প্রকৃত ভাড়া জানতে পারবেন এবং অতিরিক্ত ভাড়া আদায় বা হয়রানি থেকে রক্ষা পাবেন বলে জানান প্রতিমন্ত্রী।

তিনি যাত্রীসেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্ব দিয়ে বলেন, কোনো যাত্রী যেন হয়রানি, ভোগান্তি বা অপ্রয়োজনীয় বিড়ম্বনার শিকার না হন। কর্মকর্তা-কর্মচারী ও নৌযান শ্রমিকদের যাত্রীদের সঙ্গে দায়িত্বশীল ও সৌজন্যমূলক আচরণেরও নির্দেশ দেন তিনি।

পরিদর্শনকালে সদরঘাট টার্মিনালের ব্যবস্থাপনা, যাত্রীসেবা, লঞ্চ চলাচল, ভাড়া আদায়, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও অবকাঠামোগত সুযোগ-সুবিধা ঘুরে দেখেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি লঞ্চের যাত্রীদের সঙ্গে কথা বলে তাঁদের খোঁজখবর নেন।

টার্মিনালের পরিচ্ছন্নতা বজায় রাখা, যাত্রীদের পর্যাপ্ত সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং পরিবেশ উন্নয়নে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি। পাশাপাশি টার্মিনাল ও নৌযান নিয়মিত পরিদর্শনের জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন।

এ সময় বিআইডব্লিউটিএর চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।