বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: সেপ্টেম্বর ৩০, ২০২৬, ১১:২৬ অপরাহ্ণ প্রকাশ: সেপ্টেম্বর ২৯, ২০২৬, ৮:৫৯ অপরাহ্ণ

সামাজিক নিরাপত্তার সুবিধাভোগী বাছাইয়ে রাজনৈতিক বিবেচনা নয়: সংসদীয় কমিটি

সামাজিক নিরাপত্তার সুবিধাভোগী বাছাইয়ে রাজনৈতিক বিবেচনা নয়: সংসদীয় কমিটি

সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধাভোগী নির্বাচনে রাজনৈতিক বিবেচনা না করে প্রকৃত দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষকে অগ্রাধিকার দেওয়ার সুপারিশ করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠকে সামাজিক নিরাপত্তাসেবা আরও কার্যকর করতে সঠিকভাবে সুবিধাভোগী নির্বাচন এবং মন্ত্রণালয়ের কার্যক্রম সমন্বিতভাবে পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বৈঠক শেষে কমিটির সভাপতি মো. শাহজাহান বলেন, প্রকৃত সুবিধাভোগীরা যাতে সামাজিক নিরাপত্তার সেবা পান এবং এ ক্ষেত্রে কোনো রাজনৈতিক বিবেচনা না থাকে, সে বিষয়ে কমিটি পরামর্শ দিয়েছে।

বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম নিয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়। এ সময় মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সবাইকে একটি টিম হিসেবে সমন্বিতভাবে কাজ করার পরামর্শ দেওয়া হয়।

ফ্যামিলি কার্ড নিয়েও বৈঠকে আলোচনা হয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, সম্ভাব্য সুবিধাভোগীদের ডেটাবেইস তৈরি করা হবে। পর্যায়ক্রমে সবাইকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার লক্ষ্য রয়েছে সরকারের। এ ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনা না করার নীতিও অব্যাহত রাখার পরামর্শ দিয়েছে কমিটি।

মন্ত্রণালয় জানায়, ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্পের আওতায় এখন পর্যন্ত ৫২টি জেলার ৫৪টি উপজেলার ৫৬টি ওয়ার্ডে কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।

কমিটির সভাপতি মো. শাহজাহানের সভাপতিত্বে বৈঠকে সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন, প্রতিমন্ত্রী ফারজানা শারমিনসহ কমিটির সদস্যরা অংশ নেন।

সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকের শুরুতে প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সংসদীয় স্থায়ী কমিটিকে সহযোগিতার ভিত্তিতে কাজ করার আহ্বান জানানো হয়।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, দলীয় দৃষ্টিভঙ্গির বাইরে গিয়ে সর্বজনীন কল্যাণের মনোভাব নিয়ে মন্ত্রণালয়ের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। প্রতিমন্ত্রী ফারজানা শারমিন সমন্বিত ও যুগোপযোগী কার্যক্রম গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

এ ছাড়া কমিটির সদস্য মো. মজিবুর রহমান উপজেলা পর্যায়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কার্যক্রমে স্থানীয় সংসদ সদস্যদের সম্পৃক্ত করে কাজ করার আহ্বান জানান।