মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ তাঁর দীর্ঘ সাত দশকের দাম্পত্য জীবনের সঙ্গী তুন ড. সিতি হাসমাহ মোহাম্মদ আলীকে হারিয়ে গভীর শোকে ভেঙে পড়েছেন। শারীরিক অসুস্থতার মধ্যেও ১০০ বছর বয়সী মাহাথির হুইলচেয়ারে বসে স্ত্রীর শেষযাত্রায় অংশ নেন।
মালয় মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, মোটরচালিত হুইলচেয়ারে বসা মাহাথিরের নাকে অক্সিজেনের নল ছিল। শারীরিক অসুস্থতা সত্ত্বেও পরিবারের সদস্যদের সঙ্গে থেকে স্ত্রীকে শেষ বিদায় জানান তিনি।
সিতি হাসমাহর শেষকৃত্যকে ঘিরে মালয়েশিয়াজুড়ে নেমে আসে শোকের আবহ। পারিবারিক বাসভবন থেকে তাঁর মরদেহ শেষ শ্রদ্ধা ও জানাজার জন্য তামান সুংগাই বেসি ইন্দাহর মসজিদ আস-শরিফে নেওয়া হয়। সেখানে হাজারো মানুষ জড়ো হন। মসজিদের ভেতরের পাশাপাশি আশপাশের এলাকাও মানুষের উপস্থিতিতে পূর্ণ হয়ে যায়।
শেষ শ্রদ্ধা জানানোর সময় মাহাথিরকে বিষণ্ন দেখাচ্ছিল। স্ত্রীর মরদেহের দিকে দীর্ঘক্ষণ নির্বাক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখা যায় তাঁকে। পরে তিনি জানাজার নামাজে অংশ নেন।
এরপর সিতি হাসমাহর মরদেহ নেওয়া হয় পুত্রজায়ার ২০ নম্বর প্রিসিঙ্কটের ন্যাশনাল সিমেট্রিতে। সেখানেও মোটরচালিত হুইলচেয়ারে বসে স্ত্রীর দাফন সম্পন্ন হওয়া পর্যন্ত উপস্থিত ছিলেন মাহাথির। এ সময় পরিবারের সদস্যরা তাঁর পাশে ছিলেন।
দীর্ঘ ৭০ বছরের দাম্পত্য জীবনের সঙ্গীকে হারিয়ে মাহাথিরকে গভীরভাবে শোকাহত দেখা যায়। অশ্রুসিক্ত চোখে জীবনের দীর্ঘ পথের সঙ্গীকে শেষ বিদায় জানান মালয়েশিয়ার এই প্রবীণ রাজনীতিক।

