নোবিপ্রবি প্রতিনিধি:
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হয়েছে ‘আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল ‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’।
রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০.৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে র্যালিটি শুরু হয়। পরে র্যালিটি বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। এ সময় তিনি বলেন, “তথ্য যার কাছে বেশি, সেই বেশি জ্ঞানী ও শক্তিশালী। তাই তথ্যের এই প্রবাহের যুগে আমাদের তথ্য সংগ্রহ, ধারণ ও সঠিকভাবে উপস্থাপনের সঙ্গে নিজেদের যুক্ত করতে হবে। একই সঙ্গে কোনো তথ্য ব্যবহারের আগে তার সত্যতা যাচাই করা অত্যন্ত জরুরি।”
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার প্রসঙ্গে উপাচার্য বলেন, “বর্তমানে এআইয়ের যুগে আমরা প্রযুক্তির সুবিধা গ্রহণ করব, তবে এর অপব্যবহার করে তথ্য বিকৃত করা বা অসততার আশ্রয় নেওয়া যাবে না। তথ্য ব্যবহারে আমাদের নৈতিকতা ও পেশাগত মানদণ্ড বজায় রাখতে হবে।”
সাংবাদিকদের তথ্য প্রাপ্তির অধিকার প্রসঙ্গে তিনি বলেন, “সাংবাদিকদের তথ্য পাওয়ার অধিকার রয়েছে। আমরাও তথ্য অধিকার আইন, ২০০৯ ও সংশ্লিষ্ট নীতিমালা অনুযায়ী তথ্য প্রদানে সহযোগিতা করতে বদ্ধপরিকর। তবে তদন্তাধীন বিষয় বা পেশাগত গোপনীয়তার আওতাভুক্ত তথ্য সবসময় সরবরাহ করা সম্ভব নয়। এ বিষয়টিও সংশ্লিষ্ট সবাইকে বিবেচনায় রাখতে হবে।”
তিনি আরও বলেন, “তথ্যের সঠিক ব্যবহার, সত্যতা যাচাই এবং নৈতিকতার চর্চার মধ্য দিয়েই আমরা একটি সচেতন ও তথ্যসমৃদ্ধ সমাজ গড়ে তুলতে পারি।”
র্যালিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম ও ট্রেজারার অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন। এছাড়া বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা এতে অংশগ্রহণ করেন।

