জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী দায়ী। দ্রুত দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হলে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে তা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন সময় অসংলগ্ন কথা বলছেন। তিনি তার দায়িত্ব পালনে ইতোমধ্যে ব্যর্থ হয়েছেন। সংস্কার ইস্যুতেও তিনি জাতির সঙ্গে প্রতারণামূলক কথা বলেছেন।’
নাহিদ ইসলাম বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যে স্বাভাবিক নেই, তা এখন জনগণের সামনে স্পষ্ট। এ পরিস্থিতির জন্য বর্তমান সরকার, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী দায়ী।
তিনি বলেন, ‘এই সরকার বলেছিল, নির্বাচিত সরকার ক্ষমতায় এলে দেশে মব থেমে যাবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে। কিন্তু বিএনপি সরকার নির্বাচিত হয়ে আসার পর আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। তারা নিজেদের দলীয় নেতাকর্মীদেরও নিয়ন্ত্রণ করতে পারছে না।’
সাম্প্রতিক কয়েকটি ঘটনার প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম বলেন, মিরপুরে রাড্ডা সেন্টার ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুরের ঘটনায় প্রশাসনের নিষ্ক্রিয়তা দেখা গেছে।
মিরপুরের ঘটনার বিষয়ে তিনি বলেন, রাজধানীর মতো একটি শহরে রাতের বেলা প্রায় তিন ঘণ্টা ধরে ভাঙচুর চলবে এবং প্রশাসন তা ঠেকাতে পারবে না, এটি গ্রহণযোগ্য নয়। তার দাবি, এসব ঘটনায় সরকারি ইন্ধন, রাষ্ট্রীয় মদদ ও দলীয় নেতাকর্মীদের প্রত্যক্ষ সম্পৃক্ততা রয়েছে।
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের প্রসঙ্গে তিনি বলেন, সেখানে একটি ফৌজদারি অপরাধ সংঘটিত হলেও প্রশাসন তা প্রতিরোধ করতে পারেনি। পরে ঘটনাটির জন্য ভুক্তভোগীকেই দায়ী করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।
রাজধানীর বাইরের পরিস্থিতির কথা তুলে ধরে এনসিপির আহ্বায়ক বলেন, হবিগঞ্জে সিএনজি ও অটোরিকশা স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে সংঘর্ষ এবং সাভারে মাদরাসা দখলের চেষ্টার মতো ঘটনাও ঘটছে। তার ভাষায়, সারা দেশে এক ধরনের নৈরাজ্য চলছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর উপস্থিতি নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
নাহিদ ইসলাম বলেন, ‘রাজনৈতিক দল হিসেবে জনগণের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। সারাদেশের নেতাকর্মীদের বলতে চাই, যেখানে দখলদারিত্ব ও চাঁদাবাজি হচ্ছে, সেখানে জনগণকে সঙ্গে নিয়ে এসব রুখে দিতে হবে।’
তিনি আরও বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে হলে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে তা সম্ভব নয়।’

