নিজস্ব প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়ায় ইসফাতুল ইসলাম জিসান (২৪) নামের এক ছাত্রদল নেতাকে রাস্তা থেকে মাইক্রোবাসে তুলে নিয়ে নির্যাতনের পর হত্যার অভিযোগ উঠেছে। অপহরণের প্রায় চার ঘণ্টা পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কচ্ছপিয়া ঢালা এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের মাঝের স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জিসান কাকারা ইউনিয়ন ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি কাকারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ লোটনী এলাকার নাজেম উদ্দিনের ছেলে।
পুলিশ ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার রাতে কাকারা মাঝের স্টেশন এলাকার একটি দোকানের সামনে অবস্থান করছিলেন জিসান। এ সময় সাদা রঙের একটি মাইক্রোবাসে করে কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি সেখানে এসে তাঁকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায়।
পরিবারের অভিযোগ, জিসানকে অপহরণের পর চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সবুজবাগ এলাকার একটি ভবনে নিয়ে নির্যাতন করা হয়। একপর্যায়ে তাঁর মৃত্যু হলে দুর্বৃত্তরা হাত-পা বাঁধা অবস্থায় মরদেহটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কচ্ছপিয়া ঢালা এলাকায় ফেলে রেখে যায় বলে পরিবারের দাবি। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গভীর রাতে মহাসড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে।
চকরিয়া থানার অপারেশন অফিসার মো. ইসমাইল হোসেন বলেন, হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন এবং ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।

