নোবিপ্রবি প্রতিনিধি:
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বেলুন উড়িয়ে ও কেক কেটে কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। পরে তাঁর নেতৃত্বে প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি র্যালি বের হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
র্যালিতে অংশ নিয়ে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, বিশ্ব পর্যটন দিবস পালনের উদ্দেশ্য হলো আন্তর্জাতিক সম্প্রদায় এবং পর্যটন খাতের সঙ্গে সংশ্লিষ্ট সামাজিক ও অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি মেলবন্ধন তৈরি করা। ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি পরিবেশবান্ধব পর্যটনকে উৎসাহিত করা আমাদের দায়িত্ব।
তিনি বলেন, বৈদেশিক মুদ্রা অর্জন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে পর্যটন শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ খাতের প্রসারে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবদুল কাইয়ুম মাসুদ, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান মো. নাজমুল হুদাসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা।
র্যালি শেষে শহিদ ক্যাডেট সার্জেন্ট রুমি ভবনের সম্মুখে বৃক্ষরোপণ করেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
উল্লেখ্য, বিশ্ব পর্যটন দিবসের এবারের প্রতিপাদ্য ‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’। ১৯৮০ সাল থেকে জাতিসংঘের সদস্য দেশগুলোতে দিবসটি পালিত হয়ে আসছে।

