নারায়ণগঞ্জ প্রতিনিধি:
পেশাদারিত্ব, সততা, সাহসিকতা ও দক্ষতার স্বীকৃতি হিসেবে প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম-সেবা) পদকে ভূষিত হয়েছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ তার গলায় সম্মানজনক এই পদক পরিয়ে দেন।
পুলিশ সূত্রে জানা যায়, পেশাগত দায়িত্ব পালনে দক্ষতা, সততা ও সাহসিকতার পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণ, চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, জননিরাপত্তা নিশ্চিত করা এবং জনসেবায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে পুলিশ সুপার হাবিবুর রহমানকে এই পদক দেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, দীর্ঘদিনের পেশাগত নিষ্ঠা, দক্ষ নেতৃত্ব ও দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবে এ অর্জন এসেছে। তার এই সম্মান জেলা পুলিশের সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে বলে আশা করছে জেলা পুলিশ।
পদক প্রাপ্তির পর প্রতিক্রিয়ায় পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, “এই পদক আমার একার নয়, এটি নারায়ণগঞ্জ জেলা পুলিশের সকল সদস্যের। এই সম্মান আমাকে আরও বেশি দায়িত্বশীল হয়ে জনগণের জন্য কাজ করার প্রেরণা জোগাবে।”
তিনি আরও বলেন, নারায়ণগঞ্জকে নিরাপদ ও শান্তিপূর্ণ জেলা হিসেবে গড়ে তুলতে তিনি জিরো টলারেন্স নীতিতে কাজ করে যাবেন। এ জন্য তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

