নিজস্ব প্রতিনিধি:
শিক্ষাক্ষেত্রে নারীরা এখন আর পিছিয়ে নেই বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। তিনি বলেন, শিক্ষার ফলাফলেও মেয়েরা এগিয়ে রয়েছে। পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার দিক থেকে অনেক ক্ষেত্রেই তাদের অবস্থান তুলনামূলক ভালো।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ আয়োজিত ‘নবীনবরণ ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাখাওয়াত হোসেন খান বলেন, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের মধ্য থেকেই ভবিষ্যতে দেশের মেয়র, সংসদ সদস্য, মন্ত্রী, এমনকি প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি বের হয়ে বিশ্বমঞ্চে নেতৃত্ব দেবে, এটাই তাদের প্রত্যাশা।
নবীন শিক্ষার্থীদের জীবনের লক্ষ্য নির্ধারণের আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষাজীবনে এসএসসি ও এইচএসসি অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি ধাপ। ইন্টারমিডিয়েটে ভালো ফলাফল করতে পারলে জীবনের গতিপথ পরিবর্তন হতে পারে। নারীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলাই লক্ষ্য, যাতে তারা বিশ্বদরবারে বাংলাদেশকে একটি আধুনিক ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে তুলে ধরতে পারে।
শুধু পড়ালেখায় সীমাবদ্ধ না থেকে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও ছাত্রীদের অংশ নেওয়ার আহ্বান জানান নাসিক প্রশাসক। তিনি বলেন, সংসার থেকে শুরু করে কর্মক্ষেত্রেও নারীরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। নারীদের বাদ দিয়ে কোনো সমাজই এগিয়ে যেতে পারে না।
এ সময় নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের ছাত্রীদের ক্রিকেট প্রশিক্ষণের জন্য সিটি করপোরেশনের পক্ষ থেকে একজন নারী ক্রিকেট কোচ নিয়োগের ঘোষণা দেন তিনি। ওই কোচ কলেজ মাঠে নিয়মিত ছাত্রীদের প্রশিক্ষণ দেবেন বলে জানান সাখাওয়াত হোসেন খান।
কলেজের অবকাঠামোগত উন্নয়নের বিষয়েও বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন নাসিক প্রশাসক। তিনি জানান, আগে ভেঙে ফেলা কলেজের গেটের জায়গায় সিটি করপোরেশনের উদ্যোগে আধুনিক ও দৃষ্টিনন্দন নতুন গেট নির্মাণ করা হবে। এ ছাড়া অভিভাবকদের বসার জন্য কলেজের পাশে টিনশেড নির্মাণ, রাতে চলাচলের জন্য আলোর ব্যবস্থা, আশপাশের জলাবদ্ধতা নিরসন এবং উন্নতমানের মহিলা পাবলিক টয়লেট নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, সবকিছুর ঊর্ধ্বে দেশকে অগ্রাধিকার দিতে হবে। ‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনা ধারণ করে শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগী হতে হবে।
নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ সালাউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক শাহাবুদ্দিন। এ সময় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা এবং নবীন-প্রবীণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

