বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: সেপ্টেম্বর ২৪, ২০২৬, ২:১৩ অপরাহ্ণ প্রকাশ: সেপ্টেম্বর ২৪, ২০২৬, ১২:৪২ অপরাহ্ণ

এআই নিয়ন্ত্রণের আহ্বানের পর অস্ট্রেলিয়ার সরকারি ওয়েবসাইটে নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগ

এআই নিয়ন্ত্রণের আহ্বানের পর অস্ট্রেলিয়ার সরকারি ওয়েবসাইটে নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগ
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে ‘জরুরি বৈশ্বিক নিয়ন্ত্রণব্যবস্থা’ গড়ে তোলার আহ্বানে স্বাক্ষর করার এক দিনেরও কম সময়ের মধ্যে অস্ট্রেলিয়ার সরকারি একটি ওয়েবসাইটে এআই এজেন্টের মাধ্যমে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি। আল-জাজিরার এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আলবানিজ জানান, ওপেনএআইয়ের তৈরি একটি এআই এজেন্ট গত জুনে অস্ট্রেলিয়া সরকারের মেডিকেয়ার পোর্টালে থাকা কিছু প্রকাশ্য ও অপ্রকাশ্য তথ্য ব্যবহার করেছে। বিষয়টি নিয়ে ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যানের সঙ্গে কথা বলেছেন তিনি।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর ভাষ্য, এ ঘটনায় তার সরকার ‘চরম উদ্বিগ্ন’। একই সঙ্গে নিরাপত্তা লঙ্ঘনের বিষয়টি স্বীকার করতে ওপেনএআইয়ের প্রায় তিন মাস সময় নেওয়ায় হতাশা প্রকাশ করেন তিনি।

তবে ওপেনএআই জানিয়েছে, ঘটনাটি নিয়ে তাদের তদন্ত এখনও চলছে। এখন পর্যন্ত কোনো রোগীর চিকিৎসা বা স্বাস্থ্যসংক্রান্ত রেকর্ডে প্রবেশ করা হয়েছিল, এমন প্রমাণ পাওয়া যায়নি বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

ওপেনএআই আরও জানায়, অস্ট্রেলিয়া সরকারের বেশ কয়েকটি ওয়েবসাইট ও সেবায় তাদের এআই মডেলের কার্যক্রম শনাক্ত করা হয়েছে। বিভিন্ন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে মডেলগুলো এসব সরকারি ওয়েবসাইটে থাকা তথ্য দেখার চেষ্টা করেছিল।