নিজস্ব প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি কলোনির ২৩টি বসতঘর ও পাঁচটি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার হরিণহাটি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতের দিকে হরিণহাটি এলাকার একটি কলোনির একটি ঘর থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। পরে পাশের আরেকটি কলোনি ও সড়কের সামনে থাকা কয়েকটি দোকানেও আগুন ছড়িয়ে যায়।
আগুনের খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা প্রথমে নিজেদের উদ্যোগে তা নিয়ন্ত্রণের চেষ্টা করেন। একই সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নেভানোর কাজ শুরু করে।
প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও এরই মধ্যে দুটি কলোনির ২৩টি কক্ষ এবং পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠানের মালামাল পুড়ে যায়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়দের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

