পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে অভিযান চালিয়ে ৫১ কেজি ৬৫০ গ্রাম ওজনের একটি কষ্টিপাথরের খণ্ড উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত পাথরটির সিজার মূল্য ৫১ লাখ ৬৫ হাজার টাকা।
২০ বিজিবি, জয়পুরহাট ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কয়া সীমান্ত পিলার ২৮২/২৫-এস হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভুইডোবা এলাকা দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে কষ্টিপাথরের খণ্ড লুকিয়ে রাখে। গত ২২ সেপ্টেম্বর রাতে ব্যাটালিয়নের অধিনায়কের নেতৃত্বে একটি বিশেষ টহলদল অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় লুকিয়ে রাখা প্রত্নতাত্ত্বিক কষ্টিপাথরের খণ্ডটি উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, আজ ২৩ সেপ্টেম্বর উদ্ধারকৃত কষ্টিপাথরটি প্রত্নতত্ত্ব অধিদপ্তর, পাহাড়পুর বৌদ্ধ বিহার, বদলগাছী, নওগাঁয় পরীক্ষার জন্য পাঠানো হয় এবং সার্টিফিকেট গ্রহণ শেষে পাথরটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।

