বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: সেপ্টেম্বর ২৩, ২০২৬, ৫:৩৮ অপরাহ্ণ প্রকাশ: সেপ্টেম্বর ২৩, ২০২৬, ৩:৫৫ অপরাহ্ণ

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব : বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব : বাসের পর এবার বাড়ল লঞ্চের ভাড়া

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে দেশের নৌপথে যাত্রীবাহী লঞ্চের ভাড়া বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটারে ২৩ পয়সা এবং ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ২০ পয়সা ভাড়া বাড়ানো হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে দ্বিপক্ষীয় বৈঠক শেষে নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও নৌযান পরিচালনাসহ বিভিন্ন ব্যয় বিবেচনায় লঞ্চ মালিকরা ১৫ শতাংশ ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছিলেন। তবে যাত্রীদের বিষয়টি বিবেচনায় নিয়ে ৭ দশমিক ৫৪ শতাংশ ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে সর্বনিম্ন ভাড়া ৩২ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা করা হয়েছে।

এর আগে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে লঞ্চের ভাড়া উল্লেখযোগ্য হারে বাড়ানোর দাবি জানিয়েছিলেন মালিকরা। এ বিষয়ে নৌপরিবহন মন্ত্রীকে দেওয়া চিঠিতে তারা প্রথম ১০০ কিলোমিটারের জন্য প্রতি কিলোমিটারে ২ টাকা ৯৫ পয়সার পরিবর্তে ৪ টাকা ৪৫ পয়সা এবং পরবর্তী প্রতি কিলোমিটারে ২ টাকা ৫২ পয়সার পরিবর্তে ৪ টাকা ২ পয়সা নির্ধারণের প্রস্তাব দেন। দাবি বাস্তবায়ন না হলে জ্বালানি তেলের বাড়তি দাম প্রত্যাহারেরও প্রস্তাব দিয়েছিলেন তারা।

এদিকে একই দিনে বাস ও মিনিবাসের ভাড়াও বাড়ানো হয়েছে। সকালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ প্রজ্ঞাপন জারি করে প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া বৃদ্ধির কথা জানিয়েছে।