নারায়ণগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের রূপগঞ্জে চিহ্নিত সন্ত্রাসী ও কিশোর গ্যাং লিডার শ্রাবণ ওরফে ‘কুত্তা শ্রাবণ’কে তিন সহযোগীসহ গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও ছয়টি রামদা উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এসআরবি-১১। বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জের তারাবো এলাকায় অভিযান চালিয়ে শ্রাবণ (২০), সিয়াম (২০), দিপু (১৯) ও কামরুজ্জামান (১৯)কে গ্রেপ্তার করা হয়।
এসআরবি জানায়, শ্রাবণ দীর্ঘদিন ধরে রূপগঞ্জ ও আশপাশের এলাকায় কিশোর গ্যাং গড়ে তুলে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। তার বিরুদ্ধে হত্যা, হামলা, অগ্নিসংযোগ, অপহরণ, চাঁদাবাজি ও মারামারিসহ ১৮টি মামলা রয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।
এ ছাড়া সম্প্রতি রূপগঞ্জে ফল ব্যবসায়ী রনি হত্যাকাণ্ডে শ্রাবণ ও তার অনুসারীদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। পাশাপাশি মামলা প্রত্যাহারে চাপ সৃষ্টি, অগ্নিসংযোগ, হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
গ্রেপ্তারদের পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অবৈধ অস্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১।

