প্রতিনিধি:
ডেঙ্গু জ্বরে আক্রান্ত সকল নারী, পুরুষ ও শিশুদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে আজ মঙ্গলবার নগরীর ২৫নং ওয়ার্ডের ঋষিপাড়াস্থ খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে আরো একটি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন।
উদ্বোধনকালে প্রশাসক বলেন, বর্তমানে এ এলাকাটি খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা। এখানে খ্রিস্টান সম্প্রদায়ের বসবাস বেশি। ডেঙ্গু প্রতিরোধে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এখানে আরও একটি ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে। সংক্রমণের হার না কমলে চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতালগুলোতে আরও সিট সংখ্যা বৃদ্ধির পরিকল্পনা নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কেসিসি কর্তৃক সড়ক ও ড্রেনসমূহে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে। একই সঙ্গে তিনি বাড়ি, অফিস ও ব্যবসাপ্রতিষ্ঠানের অভ্যন্তরে নিজ নিজ উদ্যোগে পরিচ্ছন্ন রাখার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান।
কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আনিসুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. অহিদুজ্জামান খান, সমাজসেবক এস এম আসাদুজ্জামান মুরাদ, নজরুল ইসলাম বাবু, সুজানা জলিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
এ সময় প্রশাসক স্বল্প আয়ের ১০০ পরিবারের মাঝে মশারি বিতরণ করেন।

