বিশ্বকাপের পর ফিফার প্রথম আন্তর্জাতিক উইন্ডোতে তিনটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। বলিভিয়া, বুরকিনা ফাসো ও বেনিনের বিপক্ষে মাঠে নামবে বিশ্বচ্যাম্পিয়নরা। এর মধ্যে বেনিনের বিপক্ষে ম্যাচটিই হতে যাচ্ছে আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ।
আগামী ৬ অক্টোবর বুয়েনস আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। মেসির বিদায়ী ম্যাচটি মাঠে বসে দেখতে উপস্থিত থাকবেন তার দীর্ঘদিনের সতীর্থ ও বন্ধু আনহেল দি মারিয়াও।
ক্লাব ফুটবলে রোসারিও সেন্ট্রালের হয়ে আর্জেন্টিনোস জুনিয়র্সের বিপক্ষে জয়ের পর মিক্সড জোনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দি মারিয়া। তিনি জানান, ৫ অক্টোবর ব্যানফিল্ডের বিপক্ষে তার দলের ম্যাচ থাকলেও পরদিন মেসির বিদায়ী ম্যাচ দেখতে মনুমেন্টালে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
দি মারিয়া বলেন, ‘আমাকে স্টেডিয়ামে যেতে হবে, তাই না? আমি যাবই এবং ম্যাচটি দেখব। আমরা ৫ তারিখে ব্যানফিল্ডের সঙ্গে খেলব। এরপর বাড়ি ফেরার পথে হলেও আমি সেখানে থাকব।’
মেসির আন্তর্জাতিক অবসরের পর আর্জেন্টিনা জাতীয় দলে বড় ধরনের পরিবর্তন আসবে বলেও মন্তব্য করেন দি মারিয়া। তার ভাষায়, ‘এটা কঠিন হতে যাচ্ছে। বহু বছর পর লিওকে ছাড়া দল খেলবে। আর্জেন্টিনা, আর্জেন্টাইন মানুষ এবং পুরো বিশ্বকে সে সবকিছু দিয়েছে। আমরা শেষ দিনটি উপভোগ করব।’
মেসির নেতৃত্বে আর্জেন্টিনা ২০২২ বিশ্বকাপ জয়ের পাশাপাশি কোপা আমেরিকা ও ফিনালিসিমার শিরোপাও জিতেছে। জাতীয় দলের হয়ে তার বিদায়ী ম্যাচ তাই সমর্থকদের জন্যও বিশেষ এক মুহূর্ত হতে যাচ্ছে।

