রাজধানীর শেরেবাংলা নগর থানায় বিএনপি নেতাদের করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের জামিন স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। স্বাস্থ্যগত কারণ দেখিয়ে এর আগে হাইকোর্ট তাকে জামিন দিয়েছিলেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি এস এম এমদাদুল হক রাষ্ট্রপক্ষের আবেদনটি শুনানির জন্য আগামী ২৬ অক্টোবর দিন ধার্য করেছেন।
আদালতে হাবিবুল আউয়ালের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ড. শাহদীন মালিক ও এস এম শাহজাহান। তাদের সঙ্গে ছিলেন আইনজীবী মো. তায়্যিব-উল-ইসলাম সৌরভ।
এর আগে গত ৯ সেপ্টেম্বর জামিনের বিষয়ে জারি করা রুল মঞ্জুর করে হাবিবুল আউয়ালকে জামিন দেন হাইকোর্ট। বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত বেঞ্চ ওই আদেশ দেন। গত ২৮ জুন তার জামিন প্রশ্নে রুল জারি করেছিলেন হাইকোর্ট।
হাইকোর্টে হাবিবুল আউয়ালের পক্ষে শুনানি করেন ড. শাহদীন মালিক, এস এম শাহজাহান ও সারা হোসেন। তাদের সঙ্গে ছিলেন আইনজীবী মো. তায়্যিব-উল-ইসলাম সৌরভ ও সৈকত ভৌমিক। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফজলুল করিম মন্ডল।
মামলার সূত্রে জানা যায়, গত বছরের ২৫ জুন রাজধানীর মগবাজার এলাকা থেকে কাজী হাবিবুল আউয়ালকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমান তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন।
২০২৪ সালের ২২ জুন শেরেবাংলা নগর থানায় দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনাকারী তিন নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করে বিএনপি। মামলায় সাবেক তিন সিইসিসহ মোট ২৪ জনকে আসামি করা হয়।
আসামিদের তালিকায় সাবেক সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ, কে এম নূরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল ছাড়াও সাবেক নির্বাচন কমিশনার, পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা রয়েছেন। একই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও আসামি করা হয়েছে।

