বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: সেপ্টেম্বর ২১, ২০২৬, ৬:৫৭ অপরাহ্ণ প্রকাশ: সেপ্টেম্বর ২১, ২০২৬, ৫:৩২ অপরাহ্ণ

সিদ্ধিরগঞ্জে ৬ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

সিদ্ধিরগঞ্জে ৬ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ছয় মাদকসেবীকে আটক করেছে পুলিশ। পরে সামারি ট্রায়ালের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জ থানার ৬ নম্বর ওয়ার্ডের আদমজী, সুমিলপাড়া বিহারী ক্যাম্পসহ বিভিন্ন এলাকায় এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয় ।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, আটক ছয়জনের মধ্যে একজনকে ৩০ দিনের এবং অপর পাঁচজনকে ২৫ দিনের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাদের আরও দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

সাজাপ্রাপ্তরা হলেন, ইয়াছিন (২৯), সাগর (২৬), আকাশ (২৮), মোস্তাক (৩০), সুমিলপাড়া বিহারী কলোনির উজ্জ্বল (৩৫)এবং মো. ফয়সাল মিয়া (৩১)।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, গ্রেপ্তারের পর ছয়জনকে আদালতে পাঠানো হয়। মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।