বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: সেপ্টেম্বর ২২, ২০২৬, ১:৪৩ অপরাহ্ণ প্রকাশ: সেপ্টেম্বর ২১, ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ণ

সিদ্ধিরগঞ্জে পার্কিং করা বাসে আগুন

সিদ্ধিরগঞ্জে পার্কিং করা বাসে আগুন
আগুনে ক্ষতিগ্রস্থ বাস (ইনসেটে আগুনে জ্বলছে বাস)। সংগৃহীত

নিজস্ব প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাস্তার পাশে পার্কিং করে রাখা ‘নীলাচল পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে ঘটনার সময় বাসটিতে কোনো যাত্রী বা চালক না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

রোববার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টা থেকে দুইটার মধ্যে সিদ্ধিরগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডের এসও ঈদগাহ মাঠসংলগ্ন নতুন রাস্তার পাশে এ অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয়রা জানান, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসটিতে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। পরে খবর দেওয়া হলে আদমজী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় ১৫ মিনিটের চেষ্টায় রাত সোয়া দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আদমজী ফায়ার স্টেশনের কর্মকর্তা মিরন মিয়া বলেন, পার্কিং করে রাখা একটি বাসে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। প্রায় ১৫ মিনিটের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়। বাসটি খালি থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে থাকতে পারে। তবে আগুনের প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মজিবর রহমান জানান, অগ্নিকাণ্ডের কারণ এখনো নিশ্চিত নয়। বিষয়টি খতিয়ে দেখার পাশাপাশি ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত শুরু করেছে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।