বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: সেপ্টেম্বর ২০, ২০২৬, ১১:৩৬ অপরাহ্ণ প্রকাশ: সেপ্টেম্বর ২০, ২০২৬, ১০:০৫ অপরাহ্ণ

ন্যাম ভবনে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

ন্যাম ভবনে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

রাজধানীর শেরেবাংলা নগরের সংসদ সদস্য ভবন (ন্যাম ভবন) থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সন্ধ্যায় ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান।

পুলিশ জানায়, সন্ধ্যা ৭টার দিকে খবর পেয়ে পুলিশের একটি দল ন্যাম ভবনে যায়। ৫ নম্বর ভবনের ২০৩ নম্বর ফ্ল্যাটে গিয়ে কক্ষের জানালা দিয়ে মরিয়ম খাতুনকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। পরে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ইউনিটকে খবর দেওয়া হয়। তাদের উপস্থিতির আগ পর্যন্ত সংশ্লিষ্ট কক্ষে প্রবেশ করেনি থানা পুলিশ।

মরিয়ম খাতুনকে ঘিরে গত জুলাইয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গাজী নজরুল ইসলামের কয়েকটি ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়েছিল। এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যে নজরুল ইসলাম দাবি করেন, মরিয়ম তার দ্বিতীয় স্ত্রী এবং প্রথম স্ত্রীর সম্মতিতেই তিনি এ বিয়ে করেছেন। তবে পরে প্রথম স্ত্রীর পক্ষ থেকে ভিন্ন বক্তব্যও সামনে আসে।

ওই ঘটনার পর ২২ জুলাই গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের পক্ষ থেকে জানানো হয়, সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে বিষয়টি নির্বাচন কমিশনকে অবহিত করার সিদ্ধান্ত নেয় দলটি।

মরিয়ম খাতুনের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে পুলিশের তদন্ত ও ময়নাতদন্তের পর বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে।