নারায়ণগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নাশকতা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে থানাধীন মৌচাক এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক ইউলুপের আশপাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন,মো. মফিজুর (৪০), রুহুল আমিন (৪৮), মো. রুবেল (২৮) ও মো. সোহেল (৪২)।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়। এসআই (নিরস্ত্র) মো. নাজমুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মো. মফিজুর আওয়ামী লীগের সক্রিয় সদস্য, রুহুল আমিন বঙ্গবন্ধু পরিষদের সদস্য, মো. রুবেল তাঁতী লীগের সক্রিয় সদস্য এবং মো. সোহেল স্বেচ্ছাসেবক লীগের সক্রিয় সদস্য।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, গ্রেপ্তারের পর চারজনকে আদালতে পাঠানো হয়েছে। তারা সন্ত্রাসবিরোধী আইনের মামলার এজাহারভুক্ত আসামি।
তিনি আরও জানান, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন
সিদ্ধিরগঞ্জে নাশকতা মামলায় আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তার
