নিজস্ব প্রতিবেদক :
‘আমাদের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। গত দুই দিন বহু নাটক করা হয়েছে। আমরা কোনো নাটকের পরোয়া করি না। জনগণের জন্য রাস্তায় নেমেছি, প্রয়োজনে জীবন দেব। দাবি আদায় না করে ঘরে ফিরব না ইনশাআল্লাহ।’
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লং মার্চের অংশ হিসেবে বগুড়ার মাটিডালি বিমান মোড়ে আয়োজিত পথসভায় এসব কথা বলেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, ‘আমরা শুধু ডাক দিয়েছি, আসেন। আমরা ১৮ কোটি মানুষের অধিকার আদায় করতে চাই। অমনি আপনারা ঘর থেকে বের হয়ে আজকে বগুড়ার এই জায়গাটাকে জনসমুদ্রে পরিণত করেছেন। আপনাদের মোবারকবাদ।’
লং মার্চের কারণ তুলে ধরে শফিকুর রহমান বলেন, ‘আমরা কেন এই লং মার্চের ডাক দিলাম? সরকারি দলের রাতের ঘুম হারাম। জায়গায় জায়গায় শুধু বলে, বিরোধীদল এত আগে লং মার্চ করছে কেন? আমরা জিজ্ঞেস করি, ক্ষমতায় বসার আগেই জনগণকে অপমান করলেন কেন?’
তিনি আরও বলেন, ‘৭০ ভাগ জনগণ গণভোটে হ্যাঁ বলে রায় দিয়েছে। আপনারাও সেই ভোট চেয়েছেন, আমরাও ভোট চেয়েছি। আমরা আমাদের জায়গায় আছি। আপনারা জায়গা পরিবর্তন করলেন কেন? আপনারা যদি জনগণের সঙ্গে প্রতারণা না করতেন, আজকে আমাদের লং মার্চ করার প্রয়োজন হতো না।’
সরকারের উদ্দেশে জামায়াতের আমির বলেন, ‘সাত মাস চলে গেছে। সংসদের তিনটি অধিবেশন অতিক্রান্ত হয়েছে। আপনারা জুলাই শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে যে সরকার গঠন করেছেন, আপনারা সনদ বাস্তবায়ন করেননি কেন? আপনারা বলেছিলেন, দুর্নীতির টুঁটি চেপে ধরবেন। আপনারা বলেছিলেন, এক কোটি মানুষকে চাকরি দেবেন। আপনারা এক কোটি মানুষের হাতে চাঁদাবাজির চাবি তুলে দিয়েছেন। দুর্নীতির রেট বাড়িয়ে দিয়েছেন।’
গ্যাস ও বিদ্যুৎ সংকট প্রসঙ্গে তিনি বলেন, ‘বলেছিলেন গ্যাস দেবেন, বিদ্যুৎ দেবেন। এখন যিনি মহামান্য প্রেসিডেন্ট, তিনি তখন বিএনপির নেতৃত্ব দিয়েছেন মাঠে-ময়দানে। তাঁর স্লোগান ছিল, গ্যাস দে, বিদ্যুৎ দে। এখন আমাদের স্লোগান হলো গ্যাস দে, বিদ্যুৎ দে। আমরা তো নতুন কোনো স্লোগান দিচ্ছি না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে স্লোগান দিয়েছিলেন, সেটাই আমরা বলছি। আপনারা দিচ্ছেন না বলেই আমাদের লং মার্চ।’
বিদ্যুৎমন্ত্রীকে সমালোচনা করে শফিকুর রহমান বলেন, ‘এই বগুড়ার পাশের জেলা সিরাজগঞ্জ। মন্ত্রী মহোদয়ের বাড়ি ওখানেই। উনি বলেন, আমাদের দেশে কোনো লোডশেডিং নেই, বিদ্যুতের কোনো ঘাটতি নেই, গ্রামে বিদ্যুতের তার একটু লম্বা, এই জন্য বিদ্যুৎ দেওয়া যায় না। লজ্জা! এ রকম একজন অপদার্থ মানুষকে জ্বালানি ও বিদ্যুৎ ক্ষেত্রে মন্ত্রী বানিয়ে রাখা হয়েছে।’
তিনি বলেন, ‘বেগম জিয়ার আমলে প্রতিমন্ত্রী ছিলেন, ব্যর্থ হওয়ার কারণে তাকে সরিয়ে দিয়েছিলেন। তাঁর সন্তান এসে তাকে প্রমোশন দিয়ে পূর্ণ মন্ত্রী বানিয়েছেন। যা হওয়ার তাই হচ্ছে, জাতির ১২টা বাজছে।’
আগামী দিনের কর্মসূচি সম্পর্কে শফিকুর রহমান বলেন, ‘এবারের লং মার্চ হয়েছে ঢাকা থেকে রংপুরের দিকে। আগামীর লং মার্চ ইনশাআল্লাহ হবে পঞ্চগড় থেকে ঢাকার দিকে। আপনারা প্রস্তুত আছেন? এখন থেকে আপনারা প্রস্তুত থাকবেন।’
প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, আপনার পিতার জন্মস্থানে দাঁড়িয়ে দাবি করছি, মেহেরবানি করে এই জাতির নিরাপত্তা দিন। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব যাকে দিয়েছেন, তিনি সর্বমন্ত্রীর দায়িত্ব পালন করেন। কিন্তু নিজের মন্ত্রণালয়ের কোনো খোঁজ রাখতে পারেন না। মেহেরবানি করে বাংলাদেশকে বাঁচতে দিন। আমরা জানি, আপনি পারবেন না। কারণ, সর্বাঙ্গে ব্যথা, আপনি মলম লাগাবেন কোথায়?’

