বিরোধী দল প্রথম দিন থেকেই সরকারকে বিভিন্নভাবে অসহযোগিতা করে আসছে। আর তাদের এমন কর্মকাণ্ডের সুযোগ নিয়েই কেউ কেউ আগামী ডিসেম্বরে মাঠে আসতে চাইছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী এলাকায় জিল্লুর রহিম কলেজ প্রাঙ্গণে আয়োজিত বিশেষায়িত ফ্রি মেডিকেল ক্যাম্প, চক্ষু শিবির ও ওষুধ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ এ-৩ যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘আমরা যেদিন শপথ নিয়েছি, সেদিন বিরোধী দল উপস্থিত হয়নি। প্রথম দিন থেকে এখন পর্যন্ত তারা প্রতিমুহূর্তে সরকারকে সব ধরনের অসহযোগিতা করে যাচ্ছে। এই অসহযোগিতার কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়। বিরোধী দল যদি এই সুযোগ তৈরি না করত, লংমার্চ না করত, তাহলে তারা এই সুযোগ পেত না।’
তিনি বলেন, সংসদের ভেতরে বিরোধী দল সরকারের সহযোগিতার কথা বললেও বাইরে তাদের কর্মকাণ্ড ভিন্ন। গত ১৭ বছর যারা অত্যাচার-নির্যাতন করেছে, তারা এখন বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করে আবার পালিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
বিরোধী দলের লংমার্চ প্রসঙ্গে পানিসম্পদমন্ত্রী বলেন, বর্তমানে বিরোধী দল ঢাকা থেকে রংপুর ও চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় লংমার্চ করছে। গ্যাস ও তেলের দাবিতে তারা আন্দোলন করছে। অথচ দেশে গ্যাস ও তেলের সংকট রয়েছে। এমন পরিস্থিতিতে নতুন সরকারকে দায়িত্ব নেওয়ার পর অল্প সময়ের মধ্যে সব সমস্যার সমাধান করা সম্ভব নয়।
এ্যানি বলেন, ‘আমরা তো একটি ধ্বংসস্তূপের ওপর দায়িত্বে এসেছি। আমরা এসেই কি ছয় মাসের মধ্যে গ্যাস-বিদ্যুৎ সব দিয়ে দিতে পারব?’
তিনি আরও বলেন, বিরোধীদের লংমার্চ ও রোডমার্চের কারণে জ্বালানি খরচ হচ্ছে, যানজট সৃষ্টি হচ্ছে এবং সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি হচ্ছে। এতে অসুস্থ রোগীদেরও দুর্ভোগে পড়তে হচ্ছে। সংসদে সরকারকে সহযোগিতার কথা বলার পর এমন কর্মসূচিকে কীভাবে সহযোগিতা বলা যায়, সেই প্রশ্নও তোলেন তিনি।
বিএনপিকে চাপে রেখে বিরোধীরা ভবিষ্যতে ক্ষমতায় যেতে চায় বলেও মন্তব্য করেন শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, অতীতের নির্বাচনে ভোটের আগে বিভিন্নভাবে ভোট আদায়ের চেষ্টা হয়েছে। মানুষের দুর্বল জায়গায় আঘাত করে ভোট নেওয়ার অভিযোগও করেন তিনি।
এ্যানি বলেন, ভবিষ্যতে এ ধরনের সুযোগ যাতে কেউ নিতে না পারে, সে জন্য সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে। বাংলাদেশ ও জনগণের ক্ষতি হয় এমন কোনো কর্মকাণ্ড বিএনপি ও তারেক রহমানের সরকার মেনে নেবে না বলেও তিনি মন্তব্য করেন।
৫ আগস্টের ঘটনাপ্রবাহ প্রসঙ্গে তিনি বলেন, ‘৫ আগস্ট হঠাৎ করে আসেনি। এর জন্য বিএনপিকে ১৭ বছর ধরে আন্দোলন-সংগ্রাম করতে হয়েছে। ছাত্র, যুবক ও তরুণ-তরুণীরা মাঠে থেকে আন্দোলন করে সেই প্রেক্ষাপট তৈরি করেছে। এর ধারাবাহিকতায় ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং সেই নির্বাচনের মাধ্যমে আমরা দেশের দায়িত্ব পেয়েছি।’

