নারায়ণগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ফতুল্লা থানাধীন মাসদাইর বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
শনিবার (১৯ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসআরবি-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানির একটি বিশেষ আভিযানিক দল মাসদাইর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মাদক কেনাবেচার ওই স্থানে থাকা কয়েকজন আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যান।
পরে ঘটনাস্থলের আশপাশে তল্লাশি চালিয়ে একটি ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
এসআরবি-১১ জানায়, উদ্ধার করা অস্ত্র ও ম্যাগাজিন পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।
বাহিনীটি আরও জানায়, অস্ত্র ও মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে তাদের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি সন্ত্রাসী, চাঁদাবাজ ও জঙ্গি দমন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং চাঞ্চল্যকর হত্যাকাণ্ডসহ বিভিন্ন আলোচিত মামলার আসামিদের গ্রেপ্তারে কাজ করছে এসআরবি-১১।

