পাকিস্তানের উত্তরাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাত শহরে একটি পুলিশ কমপ্লেক্সে বোমা হামলা ও গোলাগুলির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৩১ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ১৬ জন পুলিশ সদস্য রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) জ্যেষ্ঠ এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই।
শুক্রবার বিকেলে কোহাত শহরের ‘ওল্ড পুলিশ লাইনস’ কমপ্লেক্সে হামলা চালায় সশস্ত্র হামলাকারীরা। কমপ্লেক্সটি জেলা পর্যায়ের গুরুত্বপূর্ণ পুলিশ সদর দপ্তর হিসেবে ব্যবহৃত হয়। সেখানে কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট, স্পেশাল ব্রাঞ্চসহ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটের কার্যালয় রয়েছে।
হামলার সময় বোমা বিস্ফোরণ ও ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। পরে আত্মঘাতী বোমা বিস্ফোরণও ঘটানো হয়। এতে এখন পর্যন্ত ১০০ জনের বেশি আহত হয়েছেন। আহতদের বেশিরভাগই পুলিশ সদস্য বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
হামলার দায় স্বীকার করেছে ‘ইত্তেহাদ-উল-মুজাহিদিন পাকিস্তান’ নামে একটি স্থানীয় সশস্ত্র গোষ্ঠী। সংগঠনটির সঙ্গে পাকিস্তানি তালেবান বা টিটিপির (তেহরিক-ই-তালেবান পাকিস্তান) সংশ্লিষ্টতা রয়েছে বলে জানা গেছে।
সূত্র: মিডল ইস্ট আই

