বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: সেপ্টেম্বর ১৯, ২০২৬, ৩:৪৯ অপরাহ্ণ প্রকাশ: সেপ্টেম্বর ১৯, ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ণ

দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের ২১ নেতার বৈঠক

দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের ২১ নেতার বৈঠক
বাংলাদেশ আওয়ামী লীগের লোগো ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের কেন্দ্রীয় ২১ নেতা সরাসরি বৈঠক করেছেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

দলীয় সূত্রের বরাত দিয়ে জানা যায়, রাত ৯টার দিকে বৈঠক শুরু হয়। এর আগে আওয়ামী লীগের নেতারা পৃথক গাড়িতে করে প্রায় একই সময়ে দিল্লির একটি ক্রিম রঙের তিনতলা ভবনে পৌঁছান।

বৈঠকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও সম্পাদকমণ্ডলীর কয়েকজন নেতা বিভিন্ন দেশ থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হন। এ ছাড়া বর্তমানে কেন্দ্রীয় কমিটিতে না থাকলেও ভবিষ্যতে দলের কেন্দ্রীয় নেতৃত্বে আসতে পারেন, এমন কয়েকজন নেতাও দিল্লিতে সরাসরি বৈঠকে অংশ নেন।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের একাধিক সদস্য বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার মধ্যেই দলটির শীর্ষ নেতাদের এ বৈঠক অনুষ্ঠিত হলো।

২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতন হয়। ওই দিন শেখ হাসিনা তার বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যান। এরপর থেকে তিনি ভারতেই অবস্থান করছেন।

দলীয় সূত্র বলছে, আগামী ডিসেম্বরে দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার বিষয়ে শেখ হাসিনা যে পরিকল্পনার কথা জানিয়েছেন, সেটিকে সামনে রেখে আওয়ামী লীগের সাংগঠনিক পুনর্গঠন নিয়ে বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে। এর আগে শেখ হাসিনা জানিয়েছিলেন, তিনি ও দলের অন্য জ্যেষ্ঠ নেতারা দেশে ফিরে আদালতে হাজির হতে চান।

এদিকে শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের সক্রিয় রাজনীতিতে আসার সম্ভাবনার বিষয়টিও বৈঠকে আলোচনায় আসতে পারে বলে দলীয় সূত্র জানিয়েছে। সম্প্রতি তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন।

দলীয় সূত্রের দাবি, পুতুলকে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতৃত্বে আনার বিষয়টি নিয়েও বৈঠকে আলোচনা হতে পারে। পাশাপাশি চট্টগ্রাম ও বরিশাল বিভাগের আরও দুই নেতাকে দলের সভাপতিমণ্ডলীতে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।