বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: নভেম্বর ৬, ২০২৬, ১২:২২ পূর্বাহ্ণ প্রকাশ: সেপ্টেম্বর ১৮, ২০২৬, ৪:৪৯ অপরাহ্ণ

সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইল বাংলাদেশ

সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইল বাংলাদেশ

সার্ককে (দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা) পুনরুজ্জীবিত করার উদ্যোগে ভুটানের সহযোগিতা চেয়েছেন বাংলাদেশের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তারা এ আহ্বান জানান। জার্মানি যাওয়ার পথে সংক্ষিপ্ত যাত্রাবিরতির জন্য ঢাকায় অবস্থান করছিলেন ভুটানের প্রধানমন্ত্রী।

সাক্ষাতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ভুটানের প্রধানমন্ত্রীকে উষ্ণ শুভেচ্ছা জানান দুই মন্ত্রী। এ সময় বাংলাদেশ ও ভুটানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর ভুটান প্রথম দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি বৈঠকে স্মরণ করা হয়। পাশাপাশি দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন তারা।

বৈঠকে ভুটানের গেলেফু মাইন্ডফুলনেস সিটি উন্নয়ন প্রকল্পে বাংলাদেশের সহযোগিতার আগ্রহের কথা জানানো হয়। বিশেষ করে প্রকল্পটিতে বাংলাদেশ থেকে পেশাজীবী, দক্ষ ও আধা-দক্ষ জনবল দেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন বাংলাদেশের দুই মন্ত্রী।

এ ছাড়া দক্ষিণ এশিয়ার সমৃদ্ধির লক্ষ্যে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আঞ্চলিক সহযোগিতার ভাবনার কথা উল্লেখ করেন তারা। একই সঙ্গে সার্ককে পুনরুজ্জীবিত করার প্রচেষ্টায় ভুটানের সহযোগিতা কামনা করেন।

সাক্ষাতে বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে প্রায় এক ঘণ্টা অবস্থান করেন। পরে তিনি জার্মানির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।