বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: নভেম্বর ৬, ২০২৬, ১২:২২ পূর্বাহ্ণ প্রকাশ: সেপ্টেম্বর ১৮, ২০২৬, ১২:৩১ অপরাহ্ণ

বিমানের ফ্লাইটে মাঝ আকাশে দুই যাত্রীর হাতাহাতি, ভাইরাল ভিডিও

বিমানের ফ্লাইটে মাঝ আকাশে দুই যাত্রীর হাতাহাতি, ভাইরাল ভিডিও
ছবি: সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট-লন্ডনগামী একটি ফ্লাইটে মাঝ আকাশে দুই যাত্রীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানায়, বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে সিলেট থেকে লন্ডনের উদ্দেশে উড্ডয়নের পর ফ্লাইটের ভেতরে দুই যাত্রীর মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই বিরোধ তীব্র বাকবিতণ্ডায় রূপ নেয়। পরে তারা একে অপরের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

হঠাৎ দুই যাত্রীর মারামারিতে বিমানের অন্য যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। বিশেষ করে শিশু ও বয়স্ক যাত্রীদের মধ্যে এ ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়ে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক মহিউদ্দিন আহমেদ জানান, সিলেট থেকে লন্ডনের পথে দুই যাত্রীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি জানতে পেরে কেবিন ক্রুরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং দুই যাত্রীকে আলাদা করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দুই ব্যক্তি পরস্পরের সঙ্গে উত্তপ্ত বাকবিতণ্ডায় জড়ানোর পর হাতাহাতিতে লিপ্ত হন। ধস্তাধস্তির একপর্যায়ে এক যাত্রীর পরনের টি-শার্ট ছিঁড়ে যায়।

পরে কেবিন ক্রু ও কয়েকজন সহযাত্রী এগিয়ে এসে তাদের আলাদা করেন। এতে পরিস্থিতি শান্ত হয় এবং ফ্লাইটের স্বাভাবিক কার্যক্রম বজায় থাকে।