ইরানের সরকার উৎখাত এবং হামাস ও হিজবুল্লাহকে নির্মূল করার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
বৃহস্পতিবার সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ২০২৫ সালে ইসরায়েলের প্রেসিডেন্টের বাসভবনে শিন বেতের এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন নেতানিয়াহু।
বক্তব্যে ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের কর্মকাণ্ডের প্রশংসা করেন তিনি। নেতানিয়াহু বলেন, গত ৭ অক্টোবর গাজা থেকে চালানো হামলায় ইসরায়েলিদের হত্যার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যারা এখনো জীবিত রয়েছে, তাদের বিরুদ্ধেও অভিযান অব্যাহত আছে।
তিনি বলেন, সন্ত্রাসীদের উদ্দেশে ইসরায়েলের বার্তা স্পষ্ট—কেউ নিরাপদ নয়। সবাইকে খুঁজে বের করা হবে। শিন বেতের সদস্যরা বাস্তবে সেই কাজই করছেন বলেও মন্তব্য করেন তিনি।
ইরান ও তার মিত্রদের ইসরায়েলবিরোধী কর্মকাণ্ডের প্রসঙ্গ তুলে নেতানিয়াহু বলেন, ইসরায়েলের বিরুদ্ধে তাদের ধ্বংসের আকাঙ্ক্ষা এখনো শেষ হয়নি, তবে তা দুর্বল হয়েছে।
নেতানিয়াহু বলেন, ‘আমরা হামাসকে নির্মূল করব। সর্বোপরি আমরা ইরানের সরকারকে পরাজিত করব। আমরা সেটিকে উৎখাত করব। সেটির পতন হবে।’
হিজবুল্লাহর প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা হিজবুল্লাহর বিরুদ্ধেও ব্যবস্থা নেব এবং তারও পতন হবে।’

