জাতীয় নির্বাচনের মতো আসন্ন উপনির্বাচনগুলোতেও সেনাবাহিনী মোতায়েনসহ আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে আগামী বছরের ৬ জুনের মধ্যে দেশের ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করার প্রস্তুতিও চলছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সময়সূচি নিয়ে তিনি বলেন, আগামী নভেম্বর ও ডিসেম্বরে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নানা ধরনের পরীক্ষা অনুষ্ঠিত হবে। জানুয়ারিতে নির্বাচন আয়োজনের কিছুটা সুযোগ থাকলেও এরপরই শুরু হবে পবিত্র রমজান। একই সময়ে মাধ্যমিক, উচ্চমাধ্যমিকসহ বিভিন্ন পাবলিক পরীক্ষাও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এমন পরিস্থিতিতে উপনির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন কীভাবে নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা যায়, সে বিষয়ে কমিশন পরিকল্পনা করছে বলে জানান তিনি।
নির্বাচন কমিশনার বলেন, আগামী বছরের ৬ জুনের মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ করার লক্ষ্য নিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। পাশাপাশি উপনির্বাচনগুলোকে অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জাতীয় নির্বাচনের আদলে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

