বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: সেপ্টেম্বর ১৭, ২০২৬, ৬:৫৬ অপরাহ্ণ প্রকাশ: সেপ্টেম্বর ১৭, ২০২৬, ৪:৩৪ অপরাহ্ণ

বকশীগঞ্জে কিশোরের মরদেহ উদ্ধার

বকশীগঞ্জে কিশোরের মরদেহ উদ্ধার

মোহাম্মদ আসাদ:
জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার চরকাউড়িয়া পশ্চিমপাড়া গ্রাম থেকে সবুজ (১৭) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।
নিহত সবুজ ওই গ্রামের মৃত সেলিম মিয়া ও মোসাম্মৎ সুফিয়া বেগমের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ভোরে নিজ বসতঘরে হঠাৎ অসুস্থ হয়ে ছটফট করতে থাকেন সবুজ। এ সময় তাঁর মায়ের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাঁকে উদ্ধার করেন। পরে দ্রুত বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
এলাকাবাসীর কয়েকজন জানান, সবুজ দীর্ঘদিন ধরে মাদক সেবনের সঙ্গে জড়িত ছিলেন বলে তারা শুনেছেন। তবে তাঁর মৃত্যুর সঙ্গে মাদক সেবনের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”