বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: সেপ্টেম্বর ১৭, ২০২৬, ৪:২৩ অপরাহ্ণ প্রকাশ: সেপ্টেম্বর ১৭, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ

সর্বজনীন পেনশনে নতুন সুবিধার প্রস্তাব, ৫৫ বছরেই পেনশন পাওয়ার সুযোগ

সর্বজনীন পেনশনে নতুন সুবিধার প্রস্তাব, ৫৫ বছরেই পেনশন পাওয়ার সুযোগ
এআই নির্মিত ছবি।

সর্বজনীন পেনশন কর্মসূচিকে মানুষের কাছে আরও আকর্ষণীয় ও গ্রহণযোগ্য করতে বেশ কিছু নতুন সুবিধা চালুর প্রস্তাব দিয়েছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে ৬০ বছরের পরিবর্তে ৫৫ বছর বয়স থেকে পেনশন পাওয়ার সুযোগ, জরুরি প্রয়োজনে নির্দিষ্ট শর্তে কর্মসূচি থেকে বের হয়ে অর্থ উত্তোলনের সুবিধা এবং পেনশনভোগীর মৃত্যুর পর তার স্বামী বা স্ত্রীকে আজীবন পেনশন দেওয়ার ব্যবস্থা।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সচিবালয়ে জাতীয় পেনশন কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের চতুর্থ বৈঠকে এসব প্রস্তাব উপস্থাপন করা হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। পরিচালনা পর্ষদের অনুমোদন পাওয়ার পর প্রস্তাবগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেবে জাতীয় পেনশন কর্তৃপক্ষ।

বর্তমানে সর্বজনীন পেনশন কর্মসূচির আওতায় চারটি স্কিম চালু রয়েছে। এগুলো হলো—প্রগতি, সুরক্ষা, সমতা ও প্রবাস। কর্মজীবী, অনিয়মিত আয়ের মানুষ এবং প্রবাসীদের পেনশন সুবিধার আওতায় আনতে ২০২৩ সালের ১৭ আগস্ট সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু করা হয়।

জাতীয় পেনশন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, চালুর প্রায় তিন বছর পর বর্তমানে চারটি স্কিমে মোট ৩ লাখ ৭৯ হাজার ৯২০ জন নিবন্ধিত হয়েছেন। এসব গ্রাহকের জমা করা অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ২৮৮ কোটি ৫২ লাখ টাকা।