স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে পুলিশ সদস্যদের নির্বাচনি দায়িত্ব পেশাদারিত্বের সঙ্গে পালনের লক্ষ্যে দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব ইন্টিগ্রিটিতে হেডকোয়ার্টার্স ভেন্যুর প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আইজিপি মো. আলী হোসেন ফকির। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সারাদেশের ১১৪টি প্রশিক্ষণ ভেন্যুতে নির্বাচনি প্রশিক্ষণ আগে গ্রহণ করেননি এমন ৩৮ হাজার ৮৪৭ জন পুলিশ সদস্যকে দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বুধবার শুরু হওয়া প্রথম ব্যাচে প্রশিক্ষণ নিচ্ছেন ৪ হাজার ৯৬৫ জন পুলিশ সদস্য।
পুলিশ হেডকোয়ার্টার্স সূত্রে জানা যায়, এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১ লাখ ৫২ হাজার ১৭৫ জন পুলিশ সদস্যকে নির্বাচনি প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে এসব সদস্যকে এক দিনের রিফ্রেশার প্রশিক্ষণও দেওয়া হবে।
স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে নতুন করে নির্বাচনি প্রশিক্ষণ কার্যক্রম শেষ হওয়ার পর সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের রিফ্রেশার প্রশিক্ষণ শুরু হবে।

