রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে আগামী মাসের মধ্যে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য নিয়ে কাজ এগিয়ে চলছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন।
তিনি বলেন, প্রকল্পের বিভিন্ন কারিগরি বিষয় দ্রুত সমাধানে প্রায় চার হাজার রাশিয়ান বিশেষজ্ঞ ও প্রকৌশলী কাজ করছেন।
বুধবার বিকেলে রাজধানীর গুলশানে এফবিসিসিআই কার্যালয়ে প্রশাসক মো. ফজলুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা জানান রুশ রাষ্ট্রদূত। এ সময় বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা আরও বাড়ানোর বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
ব্যবসায়িক সহযোগিতায় নতুন উদ্যোগ
বৈঠকে বাংলাদেশ ও রাশিয়ার ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ বাড়াতে যৌথভাবে ‘রাশিয়া-বাংলাদেশ বিজনেস কাউন্সিল’ গঠনের আগ্রহ প্রকাশ করেন আলেকজান্ডার খোজিন। পাশাপাশি মস্কোতে ‘রাশিয়া-বাংলাদেশ বিজনেস ফোরাম’ আয়োজনের পরিকল্পনার কথাও জানান তিনি।
রাষ্ট্রদূত বলেন, আগামী নভেম্বরের শুরুতে ঢাকায় অনুষ্ঠেয় আন্তঃসরকার কমিশনের বৈঠকে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
মস্কোর বিজনেস ফোরামে বাংলাদেশি ব্যবসায়ীদের অংশগ্রহণের সুযোগ থাকবে জানিয়ে তিনি বলেন, অংশগ্রহণকারী উদ্যোক্তাদের ব্যবসায়িক প্রোফাইল অনুযায়ী সরাসরি বিটুবি (B2B) বৈঠকসহ বিভিন্ন সেশনের আয়োজন করা হবে।
তৈরি পোশাকের বাইরে নতুন খাতে নজর
বাংলাদেশ-রাশিয়ার দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে তৈরি পোশাকের পাশাপাশি নতুন ও সম্ভাবনাময় খাতগুলোতে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান এফবিসিসিআই প্রশাসক মো. ফজলুল হক।
তিনি রাশিয়ার বাজারে বাংলাদেশের ওষুধ, চামড়া ও চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য এবং সিরামিক পণ্য রপ্তানির সম্ভাবনার কথা তুলে ধরেন। একই সঙ্গে রাশিয়ায় বাংলাদেশ থেকে মানবসম্পদ রপ্তানির ওপরও গুরুত্ব দেন তিনি।
জবাবে রুশ রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ থেকে জেনেরিক ওষুধ আমদানির বিষয়ে রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় বর্তমানে প্রয়োজনীয় আইনি ও প্রক্রিয়াগত বিষয় পর্যালোচনা করছে।
এ ছাড়া রাশিয়ার তীব্র শীতের জন্য উপযোগী ভারী জুতা ও চামড়াজাত পণ্যের বাজারে বাংলাদেশের পণ্যের ভালো চাহিদা রয়েছে বলেও জানান তিনি।
প্রায় ৩ হাজার বাংলাদেশি কর্মীকে ভিসা
কৃষি, মৎস্য, জাহাজ নির্মাণ ও সেবা খাতে কাজের সুযোগ বাড়ায় সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়া প্রায় তিন হাজার বাংলাদেশি কর্মীকে ভিসা দিয়েছে বলে জানান আলেকজান্ডার খোজিন।
বৈঠক শেষে উভয় পক্ষ আশা প্রকাশ করে, সরকার ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ ও রাশিয়ার বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে।
শ্রীলঙ্কা এক্সপোতে বাংলাদেশি ব্যবসায়ীদের আমন্ত্রণ
এদিকে বুধবার বিকেলে পৃথক বৈঠকে এফবিসিসিআই প্রশাসক মো. ফজলুল হকের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপাল উইরাক্কোডি।
বৈঠকে হাইকমিশনার জানান, আগামী বছরের ১৪ থেকে ১৭ জানুয়ারি শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে আন্তর্জাতিক বাণিজ্য মেলা ‘শ্রীলঙ্কা এক্সপো ২০২৭’ অনুষ্ঠিত হবে।
এ সময় এফবিসিসিআইয়ের নেতৃত্বে বাংলাদেশের একটি বাণিজ্য প্রতিনিধি দলকে মেলায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানান তিনি। আমন্ত্রণে ইতিবাচক সাড়া দিয়ে প্রতিনিধি দল পাঠানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেন এফবিসিসিআই প্রশাসক মো. ফজলুল হক।
দুই বৈঠকেই এফবিসিসিআইয়ের মহাসচিব মো. আলমগীরসহ রাশিয়ার দূতাবাস ও শ্রীলঙ্কার হাইকমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

