বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: সেপ্টেম্বর ১৭, ২০২৬, ৪:৫৫ অপরাহ্ণ প্রকাশ: সেপ্টেম্বর ১৬, ২০২৬, ১২:৫০ অপরাহ্ণ

মক্কার কাছে ড্রোন হামলার চেষ্টা, হুতিদের বিরুদ্ধে সৌদির হুঁশিয়ারি

মক্কার কাছে ড্রোন হামলার চেষ্টা, হুতিদের বিরুদ্ধে সৌদির হুঁশিয়ারি

মক্কার কাছে ড্রোন হামলার চেষ্টাকে ‘কালো অধ্যায়’ হিসেবে আখ্যায়িত করেছে সৌদি আরব। রিয়াদের দাবি, মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করতেই ইয়েমেনের ইরানপন্থি হুতি গোষ্ঠী এ ধরনের পরিকল্পিত উসকানিমূলক কর্মকাণ্ড চালিয়েছে। একই সঙ্গে হুতিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনীর মুখপাত্র তুর্কি আল মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেন, হুতি গোষ্ঠীর কর্মকাণ্ডের তালিকায় এই শত্রুতাপূর্ণ প্রচেষ্টাও একটি ‘কালো অধ্যায়’ হয়ে থাকবে। তাঁর দাবি, লাখো মুসলমানের অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্যেই এই কর্মকাণ্ড পরিচালিত হয়েছে।

হুতিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

এ ঘটনায় নিন্দা জানিয়েছে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি)। ৫৭ সদস্যের এই সংগঠন বলেছে, পবিত্র স্থান ও মসজিদের দিকে এ ধরনের হামলার চেষ্টা ধর্মীয় স্থাপনার মর্যাদা ক্ষুণ্ন করার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।

মক্কার কাছে ড্রোন ভূপাতিত করার ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন সৌদি আরব ও ইয়েমেনের হুতিদের মধ্যে উত্তেজনা নতুন করে বাড়ছে। রিয়াদের অভিযোগ, চলতি সপ্তাহের শুরুতে সৌদি আরবের কয়েকটি শহর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হুতিরা। এসব ঘটনায় খামিস মুশাইত, আভা ও তাইফ শহরে ১৩ জন বেসামরিক নাগরিক আহত হন বলে দাবি করেছে সৌদি কর্তৃপক্ষ।

এর আগে গত রোববার (১৩ সেপ্টেম্বর) একটি সৌদি সামরিক ঘাঁটিতে হামলার দায় স্বীকার করে হুতি গোষ্ঠী। অন্যদিকে, হুতিদের দাবি, গত শনিবার ও মঙ্গলবার ইয়েমেনে তাদের নিয়ন্ত্রিত এলাকায় সৌদি বাহিনী বিমান হামলা চালিয়েছে।

সাম্প্রতিক সময়ে সৌদি সমর্থিত ইয়েমেন সরকারের বিরুদ্ধে সামরিক তৎপরতা জোরদার করেছে হুতিরা। একই সঙ্গে নিজেদের নিয়ন্ত্রণাধীন এলাকাও সম্প্রসারণের চেষ্টা করছে গোষ্ঠীটি। গত সপ্তাহে লোহিত সাগরের উপকূলবর্তী একটি বন্দরনগরী এবং গুরুত্বপূর্ণ নৌপথের কাছে অবস্থিত একটি দ্বীপের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে তারা।