বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: সেপ্টেম্বর ১৬, ২০২৬, ৩:৫৬ অপরাহ্ণ প্রকাশ: সেপ্টেম্বর ১৬, ২০২৬, ১২:৩১ অপরাহ্ণ

নাম যুক্ত না হলে কেনেডি সেন্টার বন্ধ রাখার হুমকি ট্রাম্পের

নাম যুক্ত না হলে কেনেডি সেন্টার বন্ধ রাখার হুমকি ট্রাম্পের
য়াশিংটনের বিখ্যাত শিল্পকলা প্রতিষ্ঠান কেনেডি সেন্টার ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ওয়াশিংটনের বিখ্যাত শিল্পকলা প্রতিষ্ঠান কেনেডি সেন্টারের ভবনে নিজের নাম যুক্ত করা না হলে প্রতিষ্ঠানটি স্থায়ীভাবে বন্ধ রাখার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ফেডারেল বিচারক ক্রিস্টোফার কুপার কেনেডি সেন্টারের ভবনে ট্রাম্পের নাম যুক্ত করার উদ্যোগ আটকে দেওয়ার পর এমন অবস্থানের কথা জানান তিনি। একই দিনে কেন্দ্রটির পরিচালনা পর্ষদ জরুরি সংস্কারের জন্য মূল ভবনটি তাৎক্ষণিকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নেয়।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে বলেন, তার মনোনীত পরিচালনা পর্ষদ প্রায় সর্বসম্মতভাবে সংস্কারের জন্য কেনেডি সেন্টার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। তবে আদালতের রায় বহাল থাকলে ভবনের সংস্কার ও পুনর্গঠনকাজ শুরু হবে না বলেও জানান তিনি।

অন্যদিকে, কেনেডি সেন্টার এক বিবৃতিতে জানিয়েছে, পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার বিষয়টি স্পষ্ট হয়েছে। প্রতিষ্ঠানটির মতে, এটি একটি যুক্তিসংগত সিদ্ধান্ত।

এর আগে কেনেডি সেন্টারের ভবন থেকে ট্রাম্পের নাম সরানোর নির্দেশ দিয়েছিলেন বিচারক ক্রিস্টোফার কুপার। মঙ্গলবারের নতুন রায়ে তিনি বলেন, কংগ্রেসের অনুমোদন ছাড়া কেনেডি সেন্টারের পরিচালনা পর্ষদ ট্রাম্প বা অন্য কারও নামে কোনো স্মারক স্থাপন করতে পারবে না।

পরিচালনা পর্ষদ ভবনের বাইরে ট্রাম্পের নাম যুক্ত করে সংস্কারকাজের স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়ার পর আদালত এই রায় দেন। ওই উদ্যোগকে আগের আদালতের আদেশ এবং কংগ্রেসের প্রণীত আইনের সঙ্গে সাংঘর্ষিক বলে উল্লেখ করা হয়।

ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজেকে কেনেডি সেন্টারের বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেন। প্রয়াত মার্কিন প্রেসিডেন্ট জন এফ. কেনেডির নামে প্রতিষ্ঠিত এই সাংস্কৃতিক প্রতিষ্ঠানটি ওয়াশিংটনের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পকলা কেন্দ্র হিসেবে পরিচিত।

১৯৬৩ সালে আততায়ীর গুলিতে নিহত হওয়ার আগে জন এফ. কেনেডি যুক্তরাষ্ট্রে নাগরিক অধিকার প্রতিষ্ঠার পক্ষে অবস্থান নিয়েছিলেন।