বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: সেপ্টেম্বর ১৭, ২০২৬, ১:৩৬ পূর্বাহ্ণ প্রকাশ: সেপ্টেম্বর ১৫, ২০২৬, ১০:২৭ অপরাহ্ণ

মক্কা-জেদ্দা-তাইফে ‘সম্ভাব্য বিপদ’, জরুরি সতর্কতা সৌদি কর্তৃপক্ষের

মক্কা-জেদ্দা-তাইফে ‘সম্ভাব্য বিপদ’, জরুরি সতর্কতা সৌদি কর্তৃপক্ষের
সৌদি পতাকা। ছবি: সংগৃহীত

সৌদি আরবের পশ্চিমাঞ্চলের তিন গুরুত্বপূর্ণ শহর মক্কা, জেদ্দা ও তাইফে ‘সম্ভাব্য বিপদ’ মোকাবিলায় জরুরি সতর্কতা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জারি করা এ সতর্কতায় স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পাশাপাশি সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

সৌদি সিভিল ডিফেন্স জানিয়েছে, ন্যাশনাল আর্লি ওয়ার্নিং প্ল্যাটফর্ম ফর ইমার্জেন্সিজের মাধ্যমে এসব সতর্কতা পাঠানো হয়েছে। তবে ঠিক কী ধরনের বিপদের আশঙ্কায় এই সতর্কতা জারি করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

সতর্কতার পরিপ্রেক্ষিতে বাসিন্দাদের আতঙ্কিত না হয়ে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ভবনের ভেতরে থাকলে জানালা থেকে দূরে কোনো কক্ষে অবস্থান করতে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেখানে থাকার নির্দেশনা দেওয়া হয়।

এ ছাড়া খোলা জায়গা, জানালা, বারান্দা ও ছাদ থেকে দূরে থাকতে বলা হয়েছে। বাইরে থাকা ব্যক্তিদের নিকটস্থ কোনো ভবনে আশ্রয় নেওয়া অথবা শক্ত কোনো স্থাপনার আড়ালে অবস্থান করার পরামর্শ দিয়েছে সিভিল ডিফেন্স।

সতর্কতার আওতাধীন এলাকায় গাড়িচালকদের সেতু ও উঁচু ভবন থেকে দূরে নিরাপদ স্থানে গাড়ি থামাতে বলা হয়েছে। একই সঙ্গে জনসমাগম ও ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলার এবং সরকারি যোগাযোগমাধ্যমে প্রকাশিত পরবর্তী নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

সৌদি আরব ও ইয়েমেনের হুথি গোষ্ঠীর মধ্যে সাম্প্রতিক সময়ে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এই সতর্কতা জারি করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। হুথিরা সাম্প্রতিক সময়ে সৌদি আরবের বিভিন্ন শহর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে জানা গেছে। এর জবাবে ইয়েমেনে হুথিদের অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে সৌদি বাহিনী।

তবে সতর্কতা জারির কিছুক্ষণ পরই তা প্রত্যাহার করে নেয় সৌদি কর্তৃপক্ষ।

সূত্র: আনাদোলু এজেন্সি