বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: সেপ্টেম্বর ১৫, ২০২৬, ৬:০৭ অপরাহ্ণ প্রকাশ: সেপ্টেম্বর ১৫, ২০২৬, ৩:৪২ অপরাহ্ণ

স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত হয়নি, সিদ্ধান্ত ১৭ সেপ্টেম্বর

স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত হয়নি, সিদ্ধান্ত ১৭ সেপ্টেম্বর
নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার।

স্থানীয় সরকার নির্বাচনের ভোটের তারিখ এখনো চূড়ান্ত করা হয়নি। আগামী বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।

এর আগে একই দিন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে সরকারের কোনো আলোচনা হয়নি। ভোটের তারিখ ঘোষণার বিষয়েও সরকার কিছু জানে না বলে জানান তিনি।

এদিকে সোমবার (১৪ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, সাত ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজনের প্রাথমিক পরিকল্পনা করেছে কমিশন। পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপের ভোট আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হতে পারে।

ইসি সূত্র জানায়, প্রাথমিক পরিকল্পনায় দ্বিতীয় ধাপের ভোট ১৩ ডিসেম্বর এবং তৃতীয় ধাপের ভোট ৩০ ডিসেম্বর করার কথা রয়েছে। চতুর্থ ধাপের জন্য আগামী বছরের ১৭ জানুয়ারি, পঞ্চম ধাপের ৪ ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপের ২২ এপ্রিল এবং সপ্তম ও শেষ ধাপের ভোট ২৭ মে সম্ভাব্য তারিখ হিসেবে রাখা হয়েছে।

তবে এসব তারিখ এখনো অনুমোদিত বা চূড়ান্ত নয়। আগামী ১৭ সেপ্টেম্বর আন্তঃমন্ত্রণালয় বৈঠকে স্থানীয় সরকার নির্বাচনের সার্বিক বিষয় পর্যালোচনার পর ভোটের সময়সূচি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।