সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে মাদকসহ বিভিন্ন মামলায় ১৯ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জ থানার সুমিলপাড়া বিহারী ক্যাম্পসহ বিভিন্ন এলাকায় এ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
গ্রেপ্তার ১৯ জনের মধ্যে সামারি ট্রায়ালের অভিযুক্ত ১৬ জন। এছাড়া ২০ পুরিয়া হেরোইনসহ মো. মানিক (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সিআর ওয়ারেন্টের মামলায় মো. মামুনুর রশিদ এবং সন্ত্রাসবিরোধী মামলায় মো. রুবেল মিয়া ওরফে নিলয় পারভেজ রুবেল (৩৫) নামে সিদ্ধিরগঞ্জ থানার ২ নম্বর ওয়ার্ড যুবলীগের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অন্যদের মধ্যে রয়েছেন মো. বাদশা, মো. নবী হোসেন, আবু সালেহ বাধন, মো. নবী, রিপন, মো. শাহিন, মোতাহার, মো. আমির হোসেন, মো. মিলন, মো. মাসুদ, জাহাঙ্গীর আলম, জাহিদুল ইসলাম, মিন্টু, টিপু, মো. রফিক ও শ্যামল সরকার।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, গ্রেপ্তার সবাইকে আদালতে পাঠানো হয়েছে। মাদকসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

