মোহাম্মদ আসাদ:
জামালপুরে অনলাইন জুয়ায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২)। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার কাজে ব্যবহৃত তিনটি টাচস্ক্রিন স্মার্টফোন জব্দ করা হয়েছে।
ডিবি জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের তত্ত্বাবধানে গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি-২-এর একটি দল।
এরই ধারাবাহিকতায় বকশীগঞ্জ থানার আইরমারী নতুনপাড়া এলাকায় জামিউল নামের এক ব্যক্তির বাড়ির সামনের ফাঁকা জায়গায় অভিযান চালানো হয়। এ সময় অনলাইন জুয়ায় লিপ্ত থাকা অবস্থায় তিনজনকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন,বকশীগঞ্জ থানার চরকাউরিয়া পশ্চিমপাড়া এলাকার কোতবাত আলী ও নাজমা বেগম দম্পতির ছেলে মো. ফারুক (৩৬), পুরান বাট্টাজোড় এলাকার মৃত শামসুল হকের ছেলে মো. কামাল (২৮) এবং আইরমারী এলাকার মৃত শহীদুল্লাহর ছেলে মো. সামিউল (২৩)।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২)-এর ওসি মো. সজীব রহমান জানান, প্রাথমিক তদন্তে গ্রেফতার ব্যক্তিদের অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।
এ ঘটনায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৬ ও ২৭ ধারায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন
জামালপুরে অনলাইন জুয়ায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার ৩
