বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: সেপ্টেম্বর ১৪, ২০২৬, ১০:১২ অপরাহ্ণ প্রকাশ: সেপ্টেম্বর ১৪, ২০২৬, ৮:১১ অপরাহ্ণ

ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী সেলিম উদ্দিন ও সাদিক কায়েম

ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী সেলিম উদ্দিন ও সাদিক কায়েম

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ঢাকা উত্তরে দলটির প্রার্থী হিসেবে মোহাম্মদ সেলিম উদ্দিন এবং দক্ষিণে আবু সাদিক কায়েমের নাম ঘোষণা করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীতে আয়োজিত একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিষয়টি জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, জামায়াতে ইসলামী একটি নির্বাচনমুখী রাজনৈতিক দল। স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলটি সাংগঠনিকভাবে প্রস্তুতি নিয়েছে। দেশের ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশনগুলোতে প্রার্থী মনোনয়ন প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এরই মধ্যে বিভিন্ন এলাকায় অভ্যন্তরীণভাবে প্রার্থী ঘোষণা করা হয়েছে।

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনেও জামায়াত অংশ নেবে জানিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, দুই সিটিতেই সাংগঠনিকভাবে প্রার্থী মনোনীত করা হয়েছে। সময়মতো আনুষ্ঠানিকভাবে তাদের নাম ঘোষণা করা হবে। এরই মধ্যে গণমাধ্যমে ঢাকা উত্তরে সেলিম উদ্দিন এবং দক্ষিণে সাদিক কায়েমের নাম এসেছে।

দলীয় সূত্রে জানা গেছে, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে জামায়াতের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বর্তমানে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির এবং দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য। এর আগে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে জামায়াতের প্রার্থী আবু সাদিক কায়েম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) হিসেবে দায়িত্ব পালন করছেন।

২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সমন্বয়ক হিসেবে সাদিক কায়েম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরে গত বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে তিনি সহসভাপতি নির্বাচিত হন।

এ ছাড়া ২০২৪ সালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন সাদিক কায়েম। পরবর্তীতে সংগঠনটির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্বও পালন করেন তিনি।