বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: সেপ্টেম্বর ১৪, ২০২৬, ৭:১০ অপরাহ্ণ প্রকাশ: সেপ্টেম্বর ১৪, ২০২৬, ৫:২৬ অপরাহ্ণ

৭ ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর

৭ ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর
কমিশন বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোট আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন মোট সাত ধাপে সম্পন্ন করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) কমিশন বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

ইসি সূত্রে জানা গেছে, প্রাথমিক কর্মপরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপে আগামী ১২ নভেম্বর ভোটগ্রহণের পর দ্বিতীয় ধাপে ১৩ ডিসেম্বর, তৃতীয় ধাপে ৩০ ডিসেম্বর ভোট অনুষ্ঠিত হবে। চতুর্থ ধাপের ভোট হবে আগামী বছরের ১৭ জানুয়ারি। এরপর পঞ্চম ধাপে ৪ ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপে ২২ এপ্রিল এবং সপ্তম ও শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের প্রাথমিক পরিকল্পনা রয়েছে।

প্রথম ধাপে দেশের ৮০টি উপজেলার ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচনের কার্যক্রম শুরু হতে পারে বলে জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। তবে এসব সিদ্ধান্ত এখনো কমিশনের প্রাথমিক পর্যায়ের সিদ্ধান্ত বলে জানান তিনি।

এদিকে স্থানীয় সরকার নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও সার্বজনীন করতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে নির্বাচন কমিশন। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, পুরো নির্বাচনী কার্যক্রমের তৃতীয় ধাপে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপে বসবে ইসি।