সংযুক্ত আরব আমিরাতে প্রায় ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল হয়েছে। চলতি বছরের জুলাই থেকে বিভিন্ন ইস্যুতে এসব ভিসা বাতিল করা হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। আকস্মিকভাবে ভিসা বাতিল হওয়ায় অনেক বাংলাদেশি প্রবাসী অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।
প্রতিমন্ত্রী জানান, অভ্যন্তরীণ নিরাপত্তাজনিত কারণে সংযুক্ত আরব আমিরাত এসব ভিসা বাতিল করছে বলে বাংলাদেশ জানতে পেরেছে। তবে ভিসা বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য দেশটির সরকারের কাছে অনুরোধ জানানো হয়েছে।
নুরুল হক নুর বলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনার পর তিনি জানতে পেরেছেন, ভিসা বাতিলের সংখ্যা বর্তমানে প্রায় ৪ হাজার ৮০০-তে দাঁড়িয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমিরাত সরকারের কাছে জানতে চাওয়া হয়েছে, কী কারণে এসব ভিসা বাতিল করা হচ্ছে। একই সঙ্গে যেসব বাংলাদেশির ভিসা বাতিল হয়েছে, সেগুলো পুনরায় যাচাই-বাছাই করার অনুরোধও জানানো হয়েছে।
ভুক্তভোগী প্রবাসীদের ভাষ্য, গত জুলাই থেকে অনেকের ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাচ্ছে। কারও ই-মেইল, কারও মোবাইল ফোন এবং আবার কারও নিয়োগকর্তা বা কফিলের কাছে ভিসা বাতিলের বার্তা পাঠানো হচ্ছে। ছুটিতে বাংলাদেশে এসে অনেকেই ভিসা বাতিলের খবর পাওয়ায় আর আমিরাতে ফিরতে পারছেন না।
এক প্রবাসী জানান, তার বিরুদ্ধে কোনো মামলা বা গ্রেপ্তারি সংক্রান্ত অভিযোগ নেই। আমিরাতে তার ব্যবসা ও পরিবার রয়েছে। কিন্তু হঠাৎ ভিসা বাতিল হওয়ায় তিনি দেশে এসে অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। দ্রুত আমিরাতে ফিরতে না পারলে ব্যবসা ও জীবিকা হারানোর আশঙ্কা করছেন তিনি।
এদিকে বিপুলসংখ্যক বাংলাদেশির ভিসা বাতিলের ঘটনায় দেশটির গুরুত্বপূর্ণ শ্রমবাজার নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি স্বাভাবিক করতে সরকারের কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করা প্রয়োজন।
সেন্টার ফর এনআরবির চেয়ারপারসন এম এস শেকিল চৌধুরী মনে করেন, ভিসা বাতিলের পেছনে মধ্যপ্রাচ্য ও আন্তর্জাতিক রাজনীতিরও প্রভাব থাকতে পারে। তিনি সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে দায়িত্ব পালন করা বাংলাদেশিদের যোগাযোগ ও অভিজ্ঞতাকে কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন।
এ অবস্থায় স্বয়ংক্রিয়ভাবে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের বিস্তারিত তথ্য আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের নির্ধারিত ই-মেইলে জানানোর আহ্বান জানানো হয়েছে।

