বিশ্ববাজারে জ্বালানির সরবরাহ ও দামের ওপর নেতিবাচক প্রভাবের আশঙ্কায় রাশিয়ার ডিজেল উৎপাদনকারী স্থাপনা ও শোধনাগারে হামলা বন্ধ করতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে অনুরোধ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার (১৪ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আয়ারল্যান্ড সফর শেষে এয়ার ফোর্স ওয়ান বিমানে ওয়াশিংটন ডিসিতে ফেরার পথে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। এ সময় তিনি বলেন, রাশিয়ার জ্বালানি উৎপাদন ও সরবরাহব্যবস্থায় ইউক্রেনের হামলার কারণে বৈশ্বিক বাজারে এর বিরূপ প্রভাব পড়ছে।
ট্রাম্প বলেন, ‘ইউক্রেন ও রাশিয়াকে নিয়ে আমার মূল সমস্যা হলো, বিশ্ববাজারের সিংহভাগ ডিজেল আসে রাশিয়া থেকে। অথচ ইউক্রেন সেই রাশিয়ার প্ল্যান্টগুলোতেই হামলা চালাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘আমি প্রেসিডেন্ট জেলেনস্কিকে ডিজেল প্ল্যান্ট ও শোধনাগারগুলোতে হামলা না করার জন্য অনুরোধ করেছি।’
রাশিয়া থেকে আন্তর্জাতিক বাজারে ডিজেল সরবরাহ কঠিন হয়ে পড়ায় জ্বালানিটির দাম বাড়ছে বলেও উল্লেখ করেন ট্রাম্প। তার মতে, এ পরিস্থিতি অব্যাহত থাকলে এর প্রভাব শুধু রাশিয়া বা ইউক্রেনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং বিশ্বব্যাপী ভোক্তা ও বাজার ক্ষতিগ্রস্ত হবে।
এ কারণে রাশিয়ার জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ করা প্রয়োজন বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।
সূত্র: আনাদোলু এজেন্সি
