বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রিন্ট: সেপ্টেম্বর ১৪, ২০২৬, ১:১৯ পূর্বাহ্ণ প্রকাশ: সেপ্টেম্বর ১৩, ২০২৬, ১০:৫৬ অপরাহ্ণ

অনিয়মের অভিযোগে পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ

অনিয়মের অভিযোগে পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ

বিভিন্ন অনিয়ম, গঠনতান্ত্রিক ত্রুটি ও সরকারি নিয়মনীতি না মানার অভিযোগে পশ্চিমবঙ্গের ২৫২টি মাদ্রাসার কার্যক্রম অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। একই অভিযোগে আরও ১০০টি মাদ্রাসাকে কারণ দর্শানোর নোটিশ বা শোকজ করা হয়েছে।

দীর্ঘ তদন্তের পর আদিবাসী ও সংখ্যালঘু উন্নয়ন দপ্তর এ সিদ্ধান্ত নেয়। রাজ্যের ২২টি জেলার বিভিন্ন মাদ্রাসা থেকে তথ্য সংগ্রহের পাশাপাশি জেলা প্রশাসন ও রাজ্য সরকারের বিশেষ পরিদর্শক দল সরেজমিনে প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম পরিদর্শন করে।

তদন্তের সময় মাদ্রাসাগুলোর শিক্ষক ও শিক্ষার্থীর প্রকৃত সংখ্যা, নিয়মিত উপস্থিতি, অবকাঠামোগত অবস্থা এবং অর্থের উৎসসহ বিভিন্ন বিষয় যাচাই করা হয়। এসব তদন্তের প্রতিবেদনের ভিত্তিতেই অনিয়মে জড়িত ২৫২টি মাদ্রাসা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে সরকারি নিয়ম, অনুমোদন ও নির্ধারিত বিধিবিধান মেনে পরিচালিত মাদ্রাসাগুলোর কার্যক্রম স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে রাজ্য সরকার।

এ বিষয়ে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, অতীতে কয়েকটি মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে উগ্রপন্থা ও জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ উঠেছিল। ওই অভিযোগসহ বিভিন্ন বিষয় গভীরভাবে পর্যালোচনা এবং নতুন করে উচ্চপর্যায়ের তদন্তের পর ২৫২টি মাদ্রাসা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বর্তমানে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে সরকার অনুমোদিত মাদ্রাসার সংখ্যা ৬১৪টি। এর মধ্যে ৪২৩টি হাই মাদ্রাসা, ৮৯টি জুনিয়র হাই মাদ্রাসা এবং ১০২টি সিনিয়র মাদ্রাসা রয়েছে। এসব প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাধারণ ও আধুনিক শিক্ষার ব্যবস্থাও রয়েছে।