ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান গণতান্ত্রিক, রাজনৈতিক ও নির্বাচিত সরকার মাঠ প্রশাসনের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর।
তিনি বলেন, মাঠ প্রশাসনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জনগণের কল্যাণে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। প্রশাসন কোনোভাবেই শাসকের ভূমিকায় থাকবে না, বরং জনগণের প্রকৃত সেবক হিসেবে দায়িত্ব পালন করবে।
রোববার (১৩ সেপ্টেম্বর) সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বিভাগীয় কমিশনারদের সমন্বয় সভায় এসব কথা বলেন ভূমি প্রতিমন্ত্রী।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার জনগণের সেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ করছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, দায়িত্ব পালনে সফল হতে বিভাগীয় কমিশনারসহ মাঠ প্রশাসনের সংশ্লিষ্ট সবাইকে পারস্পরিক সহযোগিতা, সমন্বয় ও সম্পূরকতার ভিত্তিতে কাজ করতে হবে।
দেশের ১৮ কোটি মানুষকে বাংলাদেশের প্রকৃত মালিক উল্লেখ করে সরকারি কর্মচারীদের উদ্দেশে মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, জনগণের সেবক হিসেবে কাজ করার বিষয়টি কর্মকর্তাদের মনস্তত্ত্বে সবসময় ধারণ করতে হবে। সেবার মানসিকতা নিয়ে ঐক্যবদ্ধভাবে একটি দুর্নীতিমুক্ত ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে।
সভায় সভাপতিত্ব করেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ। এতে দেশের সব বিভাগের বিভাগীয় কমিশনার এবং ভূমি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

